ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভাবে ৩০ হাজার টাকায় বিক্রি ১৫ মাসের শিশু, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

সোহাগ হাওলাদার
২০ মিনিট আগে
অভাবে ৩০ হাজার টাকায় বিক্রি ১৫ মাসের শিশু, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
অভাব-অনটন ও স্বামীর অবহেলার অভিযোগে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া ১৫ মাস বয়সী এক শিশুপুত্রকে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে উভয়পক্ষকে হাজির করা হয়। এর আগে গত বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে শিশুটি বিক্রির এই ঘটনা ঘটে।

অভিযুক্ত শিশুপুত্রের মা অনিকা আক্তার মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরী নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে আল-আমিন নামের এক পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স এক বছর তিন মাস।

অনিকা আক্তার জানান, বিয়ের পর থেকে স্বামী হাসান চৌধুরী তার ও সন্তানের যথাযথ খোঁজখবর রাখতেন না। ফলে সংসারে আর্থিক সংকট ও অভাব-অনটন দেখা দেয় এবং তিনি নিজে রোগাক্রান্ত হয়ে পড়েন। একপর্যায়ে চরম অসহায়ত্বের কারণে তিনি নিজের শিশুসন্তানকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটিকে বাগেরহাটের মোংলা উপজেলার নেবো শহিদুলের স্ত্রী নুরজাহান বেগম কিনেছিলেন।

শিশুর নানা পলাশ শেখ বলেন, ‘আমার বয়স হয়েছে, আমি বিভিন্ন রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচই জোগাড় করতে পারি না, তার ওপর মেয়ে ও নাতির ভরণপোষণ কীভাবে জোগাড় করব?’

শিশুটির মা অনিকা আক্তার বলেন, ‘আমি জটিল রোগে আক্রান্ত। অভাব-অনটনের মধ্যে আমি ছেলেকে কী খাওয়াব? আমি ছেলেকে রাখতে চাচ্ছিলাম না; ও যেখানে ভালো থাকবে, আমি তার কাছেই ছেলেকে দিয়ে দেব।’

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লা বলেন, ‘শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে শিশু বিক্রি করার কোনো সুযোগ নেই। আপাতত আর্থিক সহযোগিতা দিয়ে শিশুকে তার মায়ের জিম্মায় দেওয়া হবে। পরবর্তীতে আইনগতভাবে যারা শিশুটিকে নিতে চান, তাদের আবেদন যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’





কমেন্ট বক্স