ছয়টি জেব্রার বিনিময়ে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি প্রাপ্তবয়স্ক বাঘ পেয়েছে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্ক। শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে বিশেষ ব্যবস্থাপনায় বাঘ তিনটি পার্কে পৌঁছায়। এরই মধ্যে তিনটি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। বাকি তিনটি জেব্রাও কয়েক দিনের মধ্যে পাঠানো হবে।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার ভোররাতে বিশেষ ব্যবস্থাপনায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে বাঘ তিনটি সাফারি পার্কে আনা হয়েছে। বর্তমানে বাঘগুলোকে আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে। নতুন বাঘ আসায় পার্কে দর্শনার্থীদের বাঘ দেখার সুযোগ আরও বাড়বে।
সাফারি পার্ক কর্তৃপক্ষ জানায়, পার্ক প্রতিষ্ঠার পর বিদেশ থেকে কয়েকটি বাঘ আনা হয়েছিল। এর মধ্যে কয়েকটি মারা গেছে। এ ছাড়া নতুন বাঘের জন্মও হয়েছে। বর্তমানে পার্কের টাইগার বেষ্টনীতে থাকা কিছু বাঘের বয়স বেড়ে যাওয়ায় নতুন বাঘ আনার পরিকল্পনা করছিল কর্তৃপক্ষ।
এ সময় জানা যায়, চট্টগ্রাম চিড়িয়াখানায় অতিরিক্ত বাঘ থাকলেও জেব্রার সংকট রয়েছে। অন্যদিকে, গাজীপুর সাফারি পার্কে প্রয়োজনের তুলনায় বেশি জেব্রা রয়েছে। পরে দুই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ প্রাণী বিনিময়ের সিদ্ধান্ত নেয়।
এর অংশ হিসেবে গত বুধবার রাতে বিশেষ ব্যবস্থাপনায় একটি ট্রাকে করে গাজীপুর সাফারি পার্ক থেকে তিনটি জেব্রা চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হয়। একই ট্রাকে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে তিনটি বাঘ গাজীপুরের উদ্দেশে রওনা হয়। শুক্রবার ভোরে বাঘবাহী ট্রাকটি সাফারি পার্কে পৌঁছায়।
গাজীপুর সাফারি পার্কের বন্য প্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ জানান, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার পর বাঘ তিনটি সুস্থ রয়েছে। তারা নিয়মিত খাবারও খাচ্ছে। বর্তমানে বিশেষ যত্নে তাদের দেখভাল করা হচ্ছে।
তিনি আরও জানান, নতুন তিনটি বাঘ যুক্ত হওয়ায় গাজীপুর সাফারি পার্কে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০টিতে।