ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আসামে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ২৪ জন

আন্তর্জাতিক ডেস্ক
৩৭ মিনিট আগে
আসামে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ২৪ জন
ভারতের আসাম রাজ্যে বাস ও কনটেইনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। শুক্রবার রাজ্যের কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে শিশু ও বাসচালকও রয়েছেন। দুর্ঘটনাস্থলটি রাজ্যের রাজধানী দিসপুর থেকে প্রায় ২২৫ কিলোমিটার পূর্বে অবস্থিত। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত কাজিরাঙা জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত।

রাজ্যের মন্ত্রী অতুল বরা দুর্ঘটনাটিকে আসামের ইতিহাসের অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। সংঘর্ষের কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, দুর্ঘটনার আগে বাসটি দ্রুতগতিতে চলছিল।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীরভাবে মর্মাহত হওয়ার কথা জানান।
       
বিশ্বে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার সবচেয়ে বেশি এমন দেশগুলোর একটি ভারত। বেপরোয়া গাড়ি চালানো, সড়কের দুরবস্থা ও পুরোনো যানবাহনকে দেশটিতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়। 





কমেন্ট বক্স