ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার পর বাবার আত্মহত্যা

অনলাইন ডেস্ক
২৩ মিনিট আগে
দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার পর বাবার আত্মহত্যা
চট্টগ্রামের বাঁশখালীতে সাত মাস বয়সী যমজ দুই কন্যাসন্তানকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন তাদের বাবা। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার পুঁইছড়ী ইউনিয়নের মধ্যম পুঁইছড়ী মওলার পাড়ায় শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত বাবার নাম মো. জাহেদ (৫৫)। তিনি বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম বদি উল আলমের ছেলে।

নিহত দুই শিশুর নাম জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত।

জাহেদের স্ত্রী আফিয়া বেগম জানান, শুক্রবার বেলা ১২টার দিকে পরিবারের অন্য সদস্যদের নিয়ে স্থানীয় নাপোড়া ভিলিজার পাড়া জামে মসজিদে নামাজ আদায় ও দোয়া করতে যান তারা। যাওয়ার সময় যমজ মেয়েদের সঙ্গে নিতে চাইলে স্বামী জাহেদ নিষেধ করেন। শিশুরা সেখানে গেলে পায়খানা-প্রস্রাব করতে পারে বলে তাদের বাড়িতে রেখে যেতে বলেন তিনি।

বিকেলে বাড়ি ফিরে তারা ঘরের চারদিকের দরজা-জানালা বন্ধ দেখতে পান। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা মানসিক হতাশা থেকে জাহেদ দুই যমজ কন্যাসন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।

তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





কমেন্ট বক্স