ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নদী দখলমুক্ত করে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ চালুর পরিকল্পনা

অনলাইন ডেস্ক
৩৩ মিনিট আগে
নদী দখলমুক্ত করে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ চালুর পরিকল্পনা
ঢাকার চারপাশে চালু হচ্ছে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা। নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকার চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে নদীর তীরে অসম্পূর্ণ ওয়াকওয়ে নির্মাণ, দূষণের উৎস বন্ধ, আধুনিক নৌযান সংযোজন এবং নতুন নৌস্টেশন ও ঘাট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, নদীদূষণের জন্য প্রায় ৪২৬টি উৎসও চিহ্নিত করা হয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়ন করা গেলে নদীপথে যাত্রী পরিবহনের পাশাপাশি পর্যটন ও বিনোদনের নতুন সুযোগ তৈরি হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে আয়োজিত ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান ২০২৬’ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ঢাকার চারপাশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীর জনবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটনের উপযোগী করে গড়ে তুলতে সরকার ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। নদীর দুই পাশ রক্ষা করে মানুষের হাঁটাচলার পরিবেশ তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। তবে কিছু এলাকায় সংযোগের ঘাটতি রয়েছে। সেসব অসম্পূর্ণ অংশও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, নদীর তীর এমনভাবে গড়ে তুলতে চায় সরকার, যাতে মানুষ নিয়মিত হাঁটাচলা করতে পারেন, নির্মল পরিবেশে সময় কাটাতে পারেন এবং অবসরে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন। ওয়াকওয়ে নির্মাণের ফলে নদীর সীমানা সংরক্ষণের পাশাপাশি তীরে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়ছে।

নদীদূষণের চিত্র তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, ঢাকার চারপাশের নদীগুলোতে দূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থান দিয়ে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে গিয়ে পড়ছে। বর্জ্যের উৎস নিয়ন্ত্রণ এবং নদীতে বর্জ্য প্রবেশ বন্ধে পরিবেশ ও বন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। এ কার্যক্রম চলমান রয়েছে।

নৌপথে যাত্রী পরিবহনের পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, নদীকে শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে নয়, পর্যটন ও বিনোদনের ক্ষেত্র হিসেবেও গড়ে তুলতে চায় সরকার। এজন্য নতুন নৌরুট চালু, আধুনিক ও আকর্ষণীয় নৌযান সংযোজন এবং নতুন নৌস্টেশন ও ঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ঘাট ও স্টেশনকে সড়ক যোগাযোগের সঙ্গে সমন্বয় করে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, অতীতে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে যাত্রী পরিবহনের উদ্যোগ নেওয়া হলেও তা প্রত্যাশিত সাফল্য পায়নি। সড়কপথের তুলনায় নৌপথে যাতায়াতে বেশি সময় লাগা এবং নদীর দূষিত পরিবেশ ছিল এর অন্যতম কারণ। এবার নদীদূষণ নিয়ন্ত্রণ, দখলমুক্তকরণ, আধুনিক নৌযান সংযোজন এবং নৌস্টেশন ও ঘাটের উন্নয়নের মাধ্যমে এসব প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।



মোহাম্মদপুরে বিআইডব্লিউটিএ আয়োজিত ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান ২০২৬’ অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী শেখ রবিউল আলম

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, চলমান কার্যক্রমগুলো দ্রুত বাস্তবায়ন করা গেলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে। এতে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদন কার্যক্রমও সম্প্রসারিত হবে।

তিনি বলেন, নদী ও পরিবেশ রক্ষায় জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষকে নদীর প্রতি সচেতন ও দায়িত্বশীল করে তুলতে বিআইডব্লিউটিএ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। নিয়মিত হাঁটাচলা করেন এবং ম্যারাথনে অংশ নেন এমন ব্যক্তিদের সঙ্গে নিয়ে এ আয়োজনের উদ্দেশ্য হলো তাদের উৎসাহিত করা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

বিআইডব্লিউটিএর উদ্যোগগুলো বাস্তবায়িত হলে ঢাকার চারপাশের নদীগুলো আবার প্রাণ ফিরে পাবে এবং নগরবাসীর জন্য পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নদীকেন্দ্রিক পরিবেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মুহিদুল ইসলামসহ মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





কমেন্ট বক্স