মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব কি না, তা জানতে বড় ধরনের গবেষণা শুরু করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু হওয়ার আগ্রহের মধ্যে বার্ধক্য প্রতিরোধ ও মানুষের আয়ু বাড়ানোর উপায় খুঁজতে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর নিয়ে কাজ করছেন রুশ বিজ্ঞানীরা।
গবেষণার অংশ হিসেবে দীর্ঘজীবী বানরগুলোর রক্তের নমুনা সংগ্রহ ও সংরক্ষণ করে বিশেষ নমুনা ব্যাংক তৈরি করা হচ্ছে। এসব নমুনা বিশ্লেষণ করে বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া এবং মানুষের আয়ু বাড়ানোর সম্ভাব্য উপায় খুঁজে বের করতে চান গবেষকেরা।
রাশিয়ার কুরচাতভ ইনস্টিটিউটের নেতৃত্বে এ গবেষণা পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান মিখাইল কোভালচুক পুতিনের ঘনিষ্ঠজন এবং বিজ্ঞানবিষয়ক অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বাধীন প্রতিষ্ঠান পেত্রোভস্কি রাশিয়ান রিসার্চ সেন্টার অব সার্জারির সঙ্গে যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে।
সম্প্রতি মস্কোয় আয়োজিত কুরচাতভ জিনোম ফোরামে গবেষণার বিস্তারিত তুলে ধরেন কোভালচুক। তিনি জানান, তাঁদের প্রজননকেন্দ্রে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর রয়েছে। এর মধ্যে ১৮ থেকে ৩০ বছরের বেশি বয়সী বানরগুলোর ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। তাদের রক্তনালি, মস্তিষ্ক ও শরীরের বিভিন্ন অঙ্গের কার্যক্রম পরীক্ষা করা হচ্ছে।
কোভালচুকের মতে, বানরদের বার্ধক্যের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করে মানুষের বয়স বৃদ্ধির সঙ্গে শরীরে কী ধরনের পরিবর্তন ঘটে, তা বোঝা সম্ভব হবে। অন্যদিকে পেত্রোভস্কি সার্জারি গবেষণাকেন্দ্রের পরিচালক কনস্তানতিন কাতেনকো জানিয়েছেন, দীর্ঘজীবী প্রাইমেটদের রক্তের নমুনা বিশ্লেষণ করে বার্ধক্যের কার্যপ্রণালি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষার সঙ্গে এ গবেষণার সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও আলোচনা চলছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীন সফরের সময় পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের একটি কথোপকথন সরাসরি সম্প্রচারে ধরা পড়ে। সেখানে তাঁরা মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
ওই কথোপকথনে পুতিন বলেন, জীবপ্রযুক্তির উন্নতির ফলে মানুষের অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে আয়ু বাড়ানো সম্ভব হতে পারে। এমনকি অমরত্ব অর্জনের সম্ভাবনাও তৈরি হতে পারে। সি চিন পিংও চলতি শতাব্দীতে মানুষের ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনার কথা উল্লেখ করেন।
এরপর ২০২৫ সালের নভেম্বরে মস্কোয় কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক এক অনুষ্ঠানে পুতিন আবারও মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা নিয়ে কথা বলেন। তাঁর এসব বক্তব্যের পর রাশিয়ার দীর্ঘায়ু গবেষণা নতুন করে আলোচনায় আসে।
তবে শুধু বানর নিয়ে গবেষণাতেই সীমাবদ্ধ নেই রাশিয়ার উদ্যোগ। মানুষের বার্ধক্য ধীর করতে জিন থেরাপি, কৃত্রিমভাবে অঙ্গ ও টিস্যু তৈরি এবং জিনগতভাবে পরিবর্তিত ক্ষুদ্রাকৃতির শূকরের শরীরে মানুষের উপযোগী অঙ্গ উৎপাদন নিয়েও কাজ চলছে।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও আয়ু বাড়ানোর প্রযুক্তি উন্নয়নে প্রায় ১৮ বিলিয়ন রুবল বরাদ্দের পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচির সঙ্গে পুতিনের মেয়ে ও এন্ডোক্রাইনোলজিস্ট মারিয়া ভরোন্তসোভা এবং মিখাইল কোভালচুকের সম্পৃক্ততার কথাও উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের দীর্ঘায়ু হওয়ার আগ্রহ রাশিয়ার রাষ্ট্রীয় গবেষণার অগ্রাধিকার নির্ধারণেও প্রভাব ফেলছে। তবে গবেষণার ঘোষণা আর বাস্তব বৈজ্ঞানিক সাফল্য এক বিষয় নয়। এসব উদ্যোগের অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্র ও পরীক্ষিত ফলাফল এখনো সীমিত।
বিজ্ঞানীদের মতে, প্রাণীর শরীরে বার্ধক্যের প্রক্রিয়া নিয়ে গবেষণা মানুষের আয়ু বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বানরের আয়ু ও মানুষের আয়ুর মধ্যে সরাসরি তুলনা করা সম্ভব নয়। দীর্ঘজীবী বানরের রক্ত বা অঙ্গ বিশ্লেষণ করলেই মানুষ ১৫০ বছর বাঁচতে পারবে, এমন নিশ্চয়তা নেই।
মানুষের আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়ানো কিংবা অমরত্ব অর্জনের ধারণার পক্ষেও এখন পর্যন্ত নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ প্রতিষ্ঠিত হয়নি। ফলে পুতিনের ১৫০ বছর বেঁচে থাকার আকাঙ্ক্ষা এবং সাত হাজারের বেশি বানর নিয়ে রাশিয়ার গবেষণা বিশ্বজুড়ে কৌতূহল তৈরি করলেও এর বাস্তব সাফল্য নির্ভর করছে ভবিষ্যতের গবেষণার ফলাফলের ওপর।
সূত্র: ফার্স্ট পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল