ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিডরের ১৯ বছর, আজও আতঙ্ক কাটেনি উপকূলবাসীর

সোহাগ হাওলাদার
৬ ঘন্টা আগে
সিডরের ১৯ বছর, আজও আতঙ্ক কাটেনি উপকূলবাসীর
১৫ নভেম্বর, ভয়াল ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর। ২০০৭ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বাগেরহাটের শরণখোলা উপজেলা। কেড়ে নিয়েছিল শত শত মানুষের প্রাণ, ধ্বংস করেছিল ঘরবাড়ি, ফসল, গবাদিপশু ও অসংখ্য স্থাপনা। ১৯ বছর পেরিয়ে গেলেও সেই ভয়াল রাতের স্মৃতি এবং নতুন করে বাঁধ ভাঙার আতঙ্ক কাটেনি উপকূলবাসীর।

সরকারি হিসাব অনুযায়ী, শুধু শরণখোলা উপজেলাতেই সিডরে প্রাণ হারান ৯০৮ জন। এ ছাড়া সুন্দরবনের দুবলার চরের শুঁটকি পল্লিতে অবস্থানরত দেড় থেকে দুই হাজার জেলে নিখোঁজ হন বলে বেসরকারি সূত্রে জানা যায়। ঘূর্ণিঝড়ের আঘাতে সুন্দরবনের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি মারা যায় অসংখ্য বন্যপ্রাণী।

সিডরের পর বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে শরণখোলার ৩৫/১ পোল্ডারে ৬২ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয়। ২০১৬ সালে শুরু হওয়া এ কাজ শেষ করে ২০২৩ সালের ডিসেম্বরে পানি উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কয়েক বছর না যেতেই বলেশ্বর নদের তীরবর্তী বাঁধের প্রায় ১৩ কিলোমিটার এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বৃষ্টি হলেই বাঁধের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হচ্ছে। সামান্য ঝড়ের পূর্বাভাস পেলেই আতঙ্কে দিন কাটে নদীপাড়ের মানুষের।

স্থানীয়দের অভিযোগ, নদীশাসন না করে বাঁধ নির্মাণ এবং নিম্নমানের কাজের কারণে বারবার ভাঙনের মুখে পড়ছে বাঁধটি। দ্রুত স্থায়ী নদীশাসনের ব্যবস্থা না হলে আবারও বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন তাঁরা।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল জানান, ঝুঁকিপূর্ণ এলাকায় জিও ব্যাগ ও ব্লক ডাম্পিংয়ের কাজ চলছে। স্থায়ীভাবে ভাঙন ঠেকাতে নদীশাসন প্রয়োজন, যার জন্য প্রায় ৫০০ কোটি টাকা লাগতে পারে। এ বিষয়ে সম্ভাব্যতা সমীক্ষার কাজ চলছে।

স্বজন ও সহায়-সম্বল হারানো শরণখোলার মানুষের দাবি, শুধু উঁচু বাঁধ নয়, প্রয়োজন টেকসই বাঁধ ও স্থায়ী নদীশাসন। তাঁদের আশঙ্কা, সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে আবারও ফিরে আসতে পারে ২০০৭ সালের সেই ভয়াল স্মৃতি।





কমেন্ট বক্স