ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মহিবুল মোল্লা (৪৫) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন পথচারী মারাত্মক আহত হয়েছেন। দুর্ঘটনার জেরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের ওই এসি বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিবুল মোল্লা সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, বিকেলে মহিবুল মোল্লা চন্দ্রদিঘলিয়া হাট থেকে কেনাকাটা করে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি এসি বাস তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় এবং আরও তিন পথচারী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং বিক্ষুব্ধ জনতার ধরিয়ে দেওয়া আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে এনেছেন।