ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি
৩ ঘন্টা আগে
কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. রফিকুল ইসলাম (৫১) নামের এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাঁকে জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে শনিবার রাত ১টার দিকে উপজেলার আজোয়াটারী গ্রাম থেকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি কাশিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার রফিকুল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী কাজদাহর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ওই গ্রামের মৃত রতব আলী মুন্সির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় ২০২৬ সালের ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।





কমেন্ট বক্স