ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
৩ ঘন্টা আগে
পঞ্চগড়ে  বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার (১৪ নভেম্বর) সকালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে পঞ্চগড় শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘ডায়াবেটিস এখন শুধু ব্যক্তির নয়, প্রতিটি পরিবারের জন্যই একটি বড় স্বাস্থ্যঝুঁকি। তাই ডায়াবেটিসের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে হাসপাতালের পাশাপাশি সামাজিক ও বিভিন্ন জনসম্পৃক্ত কর্মসূচি আয়োজন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশসহ পঞ্চগড় জেলাকে ডায়াবেটিসের ঝুঁকিমুক্ত করে গড়ে তোলা সম্ভব হবে।’

এর আগে সকাল সাড়ে আটটায় প্রতিমন্ত্রী অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন। দৌড়ে প্রায় দুই শতাধিক প্রতিযোগীর সঙ্গে তিনি প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে একই স্থানে এসে প্রতিযোগিতা শেষ করেন। পরে অডিটোরিয়াম চত্বরে এক আলোচনা সভায় অংশ নেন তিনি।

এ সময় পঞ্চগড় জেলার পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা ও দায়রা জজ আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান, শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দসহ জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





কমেন্ট বক্স