ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫ কেজি স্বর্ণ-হীরা নিয়ে পালালেন ইউটিউবার, গ্রেপ্তার প্রেমিকা

অনলাইন ডেস্ক
৩৯ মিনিট আগে
৫ কেজি স্বর্ণ-হীরা নিয়ে পালালেন ইউটিউবার, গ্রেপ্তার প্রেমিকা
একটি স্বর্ণালংকারের দোকান থেকে প্রায় ১৫ কোটি রুপির স্বর্ণ ও হীরার গয়না চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পলাতক ইউটিউবার নিশান্তের বাবা সুরেশ এবং তার প্রেমিকা মীনাক্ষী। এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৫ কেজি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত নিশান্তকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর মাদুরাইয়ে তানিষ্কে। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরাইয়ের বাইপাস সড়কে অবস্থিত তানিষ্কের নতুন শোরুমটিতে গত বৃহস্পতিবার সকালে কর্মীরা এসে চুরির বিষয়টি জানতে পারেন। আগের রাতে দোকানে ঢুকে বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরার গয়না নিয়ে পালিয়ে যায় এক ব্যক্তি। গত ১৪ অক্টোবর শোরুমটির উদ্বোধন করা হয়েছিল।

প্রাথমিক হিসাবে, দোকানে বিক্রির জন্য প্রদর্শিত অলংকারের প্রায় ৩০ শতাংশ চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে কালো পোশাক ও মুখোশ পরা এক ব্যক্তিকে দোকানের ভেতরে দেখা যায়। পুলিশের দাবি, চুরির ঘটনায় মূল অভিযুক্ত নিশান্ত একজন ইউটিউবার। তিনি এখনো পলাতক রয়েছেন। নিশান্তের বিরুদ্ধে প্রেমিকা মীনাক্ষীর সঙ্গে মিলে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
 
তদন্তকারীদের ধারণা, ভবনটির লিফট স্থাপনের কাজ চলায় তৈরি হওয়া একটি ফাঁকা জায়গা ব্যবহার করে চোর ভেতরে প্রবেশ করে। এ জন্য লিফটের কাজে ব্যবহৃত দড়ি এবং ভবনের পেছনে থাকা লোহার কাঠামোও পরীক্ষা করছেন তদন্তকারীরা।

চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ এর আগে নয়টি বিশেষ দল গঠন করেছিল। শোরুমের সাবেক কর্মী, নির্মাণকাজে যুক্ত শ্রমিক এবং সাজসজ্জার কাজে নিয়োজিত ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীরা চুরির ঘটনায় দোকানের ভেতরের কারও সংশ্লিষ্টতা ছিল কি না, তা খতিয়ে দেখছেন।

এদিকে চুরির ঘটনায় এক ক্রেতাও বিপাকে পড়েছেন। পান্ডি নামের ওই ব্যক্তি বন্ধুর বিয়ের জন্য অলংকার কিনে মূল্য পরিশোধ করেছিলেন। পরদিন সেগুলো সংগ্রহ করতে গিয়ে জানতে পারেন, তার কেনা গয়নাও চুরি হয়েছে। শোরুম কর্তৃপক্ষ তাকে অন্য শাখা থেকে একই ধরনের অলংকার দেয়ার আশ্বাস দিয়েছে।
 
এ ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দল এআইএডিএমকের নেতা এদাপ্পাদি কে পালানিস্বামী। তিনি চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।





কমেন্ট বক্স