ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

অনলাইন ডেস্ক
১৪ ঘন্টা আগে
গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে টানা দ্বিতীয় দিনের মতো অসন্তোষ ও বিক্ষোভ দেখিয়েছেন পোশাক শ্রমিকরা। আজ রোববার (১৫ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করলে প্রায় আধা ঘণ্টা ওই রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে মৌচাক এলাকার অন্তত পাঁচটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বাইরে বেরিয়ে আসেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বিজিবি, শিল্প পুলিশ ও থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে সকাল ৯টার দিকে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। উদ্ভূত পরিস্থিতিতে মৌচাক ও আশপাশের বেশ কিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, রোববার বিভিন্ন কারণে মালিকপক্ষ ছয়টি কারখানা বন্ধ রেখেছে। তবে জেলার বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় সকাল ৮টা থেকেই স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলছে। মৌচাক এলাকায় কিছু শ্রমিক সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে তাঁদের সরিয়ে দেয়।

বিচ্ছিন্ন এই ঘটনা ছাড়া ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা এড়াতে শিল্পাঞ্চলজুড়ে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। পুলিশের পাশাপাশি মাঠে ১৩ প্লাটুন বিজিবি, আনসার, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, এর আগে গতকাল শনিবারও শ্রমিকদের ব্যাপক বিক্ষোভের মুখে চন্দ্রা পল্লী বিদ্যুৎ ও আশপাশের এলাকার অন্তত ১৮টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ।





কমেন্ট বক্স