লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ‘মালাই চায়ের আড্ডা’। তবে চায়ের দোকানের আড়ালে এসব স্থান এখন উঠতি বয়সী তরুণ-তরুণী, বখাটে ও কিশোর গ্যাংয়ের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি এসব আড্ডাখানাকে কেন্দ্র করে মাদক সেবন ও জুয়ার আসর বসারও তথ্য পাওয়া গেছে।
সরেজমিনে উপজেলার কয়েকটি এলাকা ঘুরে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে কমলনগরের বিভিন্ন স্থানে ছোট-বড় মিলিয়ে প্রায় ১০টি মালাই চায়ের দোকান গড়ে ওঠে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—চরকাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাট ভুলুয়া ব্রিজসংলগ্ন ‘মালাই বাড়ি রেস্টুরেন্ট’, হাজিরহাট ইউনিয়নের আনন্দ বাজার কবরস্থানসংলগ্ন ‘মালাই বাড়ি চায়ের আড্ডা’, চরজাঙ্গালিয়া ৫ নম্বর ওয়ার্ডের দরবেশপাড়া, ৭ নম্বর ওয়ার্ডের সোনার বাংলা আশ্রয়ণ প্রকল্প, চরফলকন ইউনিয়নের হাজিরহাটের দক্ষিণ মাথা এবং চর লরেন্স ইউনিয়নের তোরাবগঞ্জ বাজারের পশ্চিম পাশের ‘মালাই চায়ের গল্প’।
একসময় গ্রামের চায়ের দোকানগুলোতে মুরুব্বি ও সাধারণ মানুষের খোশগল্প এবং পত্রিকা পড়ার আসর জমত। কিন্তু বর্তমানে বাহারি নাম ও দৃষ্টিনন্দন আলোকসজ্জার এসব দোকানে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, ফজুমিয়ারহাট ভুলুয়া ব্রিজসংলগ্ন মালাই বাড়ি রেস্টুরেন্টের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। সেখানে প্রশাসনের কোনো অনুমোদন ছাড়াই নাগরদোলা, ঘোড়ার স্ট্যান্ডসহ মেলার আদলে বিভিন্ন দোকান বসানো হয়েছে। এর আড়ালে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে নানা অসামাজিক কার্যকলাপ ও মাদকাসক্তদের আড্ডা।
সচেতন মহলের মতে, চায়ের আড্ডা থেকে শুরু করে শিশু-কিশোররা ধূমপানসহ ফেনসিডিল, ইয়াবা ও গাঁজার মতো ভয়াবহ মাদকে জড়িয়ে পড়ছে। পাশাপাশি স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের বিভিন্ন গ্রুপ তৈরি হচ্ছে এবং ছোটখাটো চুরি ও মারামারির পরিকল্পনাও হচ্ছে এসব জায়গা থেকে। ইভটিজিংয়ের কারণে নারী ও সাধারণ শিক্ষার্থীদের চলাচলেও অস্বস্তি তৈরি হয়েছে।
ফজুমিয়ারহাট এলাকার অন্তত ২০ জন অভিভাবক উদ্বেগ প্রকাশ করে জানান, অবাধ আড্ডা ও অসৎ সঙ্গের কারণে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা পড়াশোনা ছেড়ে অপরাধপ্রবণতার দিকে ঝুঁকছে।
চরকাদিরা ইউনিয়ন পরিষদের নাম প্রকাশে অনিচ্ছুক দুজন ইউপি সদস্য বলেন, এসব আড্ডায় উচ্চস্বরে গান বাজানো, অশালীন কথাবার্তা ও পথচারীদের উত্ত্যক্ত করার ঘটনা ঘটছে, যা আশপাশের বসতবাড়ির বাসিন্দাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দা ইসমাইল, হাবিবুর রহমান ও নুর মোহাম্মদ জানান, বাইরে থেকে সাধারণ চায়ের দোকান মনে হলেও ভেতরে বখাটে ও কিশোর গ্যাংয়ের উৎপাত চলছে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাজার কমিটির নজরদারি না থাকায় পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম বলেন, “মালাই চায়ের আড্ডার নামে এগুলো মূলত বখাটেদের আসর। এসব আসর বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, “বিষয়টি খতিয়ে দেখে এসব অসামাজিক কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।”