ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা গিরি বাবু মারা গেছেন

বিনোদন ডেস্ক
১৩ ঘন্টা আগে
অভিনেতা গিরি বাবু মারা গেছেন
তেলেগু ভাষার ৬ শতাধিক সিনেমার প্রবীণ অভিনেতা গিরি বাবু মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) হায়দরাবাদের কোন্ডাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। খবর ইন্ডিয়া টুডের।   

এ প্রতিবেদনে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন গিরি বাবু। গতকাল পরপারে পাড়ি জমান তিনি। তার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অভিনেতা চিরঞ্জীবী, পরিচালক অনিল রবিপুড়ি, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডিসহ বিশিষ্ট ব্যক্তিরা। 

পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন গিরি বাবু। ৬ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। কখনো খলনায়ক, কখনো কৌতুকাভিনেতা, কখনো গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে দর্শকদের মনে ছাপ ফেলেছেন। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও প্রযোজক হিসেবেও একাধিক সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। 

১৯৪৬ সালের ৮ জুন, অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার রাভিনুথালা গ্রামে জন্মগ্রহণ করেন গিরি বাবু। তার আসল নাম—ইয়েরা শেষাগিরি রাও। ছোটবেলা থেকেই অভিনয় ও নাটকের প্রতি তার আগ্রহ ছিল। ১৯৭৩ সালে ‘জাগমে মায়া’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। প্রথম দিকে নায়কের চরিত্রে অভিনয় করলেও পরবর্তীতে খলনায়ক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেন। 

১৯৭৭ সালের পৌরাণিক ‘কুরুক্ষেত্রম’ সিনেমায় তার অভিনয় আজও স্মরণীয়। এ ছাড়া ‘জ্যোতি’, পাসিভাদি প্রণাম’, ‘হ্যালো ব্রাদার’, ‘সিসিন্দ্রি’, ‘লিটল সোলজার্স’, ‘নিনে পেলাডেটা’ সিনেমা তার উল্লেখযোগ্য কাজের তালিকায় রয়েছে। পরবর্তীতে নতুন প্রজন্মের অভিনেতাদের সঙ্গে সমানতালে কাজ করেছেন গিরি বাবু। ‘গামিম’, ‘গীতা গোবিন্দম’, ‘জাতি রত্নালু’ ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’-এর মতো সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।  

শুধু অভিনয় নয়, পরিচালনায়ও নিজ দক্ষতার পরিচয় দিয়েছেন গিরি বাবু। তার নির্মিত চলচ্চিত্রের তালিকায় রয়েছে—‘রানারিঙ্গম’, ‘ইন্দ্রজিৎ’, ‘নী সুখামে নে কোরুথুন্না’। তাছাড়া বেশ কটি সিনেমা প্রযোজনাও করেছেন তিনি।  

ব্যক্তিগত জীবনে শ্রীদেবীর সঙ্গে ঘর বাঁধেন গিরি বাবা। এ দম্পতির দুই ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে। তার বড় ছেলে রঘু বাবু তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুকাভিনেতা। ছোট ছেলে বোস বাবুও চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত। ২০১৬ সালে মারা গেছেন গিরি বাবুর স্ত্রী শ্রীদেবী।





কমেন্ট বক্স