ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
১ দিন আগে
চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ
রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে বাসের চালক ও সহকারীর বিরুদ্ধে। এ ঘটনায় রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন।

রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া এলাকার কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।

পুলিশ, নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা সেনানিবাস এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ শেষে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন তারা। একই এলাকার ছয়জন ওই বাসের যাত্রী ছিলেন। পথে বাসের লোকজনের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। তারাগঞ্জ এলাকায় পৌঁছালে আতিক নামের তাদের এক সহযাত্রীকে বাসে আটকে রেখে বাকিদের নামিয়ে দেয়া হয়।

পরে আতিককে উদ্ধারের জন্য মুকুল ও শাকিব আবার বাসে ওঠেন। এ সময় বাসের লোকজনের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে বাসের লোকজন লাথি মেরে তাদের চলন্ত বাস থেকে ফেলে দেন। পরে আতিকের চিৎকার শুনে একটি মাইক্রোবাসের সহায়তায় চিকলী এলাকায় বাসটি আটকানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল জিগাতলা এলাকায় পৌঁছে সড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখে। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী দলের সদস্য তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে দুজনকে পড়ে থাকতে দেখেন তারা। সেখানে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয় লোকজন তাদের জানিয়েছেন, ওই দুজনকে বাস থেকে ফেলে দেয়া হয়েছে।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।





কমেন্ট বক্স