ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬

অনলাইন ডেস্ক
১০ ঘন্টা আগে
ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬
ইরানের পশ্চিমাঞ্চলে একটি বাস উল্টে গিয়ে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ইলাম, দেহলোরান, দেজফুল এবং আবদানানের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে ইরাক সীমান্তের কাছে আবদানান ও দেহলোরানের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে ইরনা জানায়, গ্যাস শোধনাগারের কর্মীদের বহনকারী ওই বাসটি উল্টে গেলে দুর্ভাগ্যবশত ১২ জন প্রাণ হারান এবং ১৬ জন আহত হন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

আবদানান কাউন্টির গভর্নর বেহজাদ নুরমোহাম্মাদি জানান, ৩২ সদস্যের ১২টি উদ্ধারকারী দলকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং ছয়টি অ্যাম্বুলেন্স ছাড়াও ছয়টি সহায়তা ও উদ্ধারকারী যান মোতায়েন করা হয়েছে।

ইরানে সড়ক নিরাপত্তার রেকর্ড বেশ খারাপ। ইরানের সরকারি ‘লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশন’-এর জুন মাসের তথ্য অনুযায়ী, মার্চ মাস পর্যন্ত ১২ মাসে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।





কমেন্ট বক্স