ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো প্রকার জামানত ছাড়াই গ্রাহকদের সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত স্বল্প সুদে ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের প্রচলিত ‘ই-ঋণ’ পুনঃঅর্থায়ন স্কিমটি হালনাগাদ করা হয়েছে।
আজ রোববার (১৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাপ এবং ই-ওয়ালেট ব্যবহার করে গ্রাহকরা ঘরে বসেই এ ঋণের জন্য আবেদন ও অর্থ গ্রহণ করতে পারবেন। সর্বোচ্চ ১২ মাস মেয়াদি এই ঋণের ক্ষেত্রে গ্রাহক পর্যায়ে সুদের হার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৯ শতাংশ। অন্যদিকে, এই কর্মসূচির আওতায় ঋণ বিতরণের জন্য তফসিলি ব্যাংকগুলোকে মাত্র ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন তহবিলের জোগান দেবে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নীতিমালায় সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ শ্রেণির গ্রাহকদের ঋণপ্রাপ্তিতে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছেন প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থী এবং বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তিরা।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন ব্যবস্থা জোরদার করা এবং প্রান্তিক পর্যায়ে আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতেই স্কিমটি যুগোপযোগী করা হয়েছে। একই সঙ্গে এই পুনঃঅর্থায়ন তহবিলের মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।