ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন ডেস্ক
৯ ঘন্টা আগে
সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রনি (৪১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আলামিন নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল ৬টায় মিজমিজি তেরা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তের ছুরিকাঘাতে রনির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

তার পিঠে ১৫ থেকে ২০টি ও মাথায় ৩ থেকে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়দের দাবি।

নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে প্রাথমিকভাবে তার নাম রনি বলে শনাক্ত করা হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামিন নামে একজনকে আটক করতে সক্ষম হয়।

স্থানীয়দের দাবি, হত্যাকাণ্ডের পর আসামি আল-আমিনকে ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

পরে স্থানীয়রা আলামিনের শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ ও কাটাছেঁড়া দেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি রনিকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন।

দুই দিন আগে দুজনের মধ্যে হওয়া ঝগড়ার বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেন। আলামিন সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুল আলীর ছেলে। তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আলামিন নামে একজনকে আটক করা হয়েছে।





কমেন্ট বক্স