রাজশাহীতে আদালত চত্বরে এক আইনজীবীর ওপর হামলার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। হামলায় অ্যাডভোকেট ইয়ামিন আলী নামের এক আইনজীবী গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় কয়েকজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত লোকজন।
খোঁজ নিয়ে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আইনজীবী ইয়ামিন আলীর সঙ্গে একটি পক্ষের বিরোধ রয়েছে। এর জেরে ওই আইনজীবীর করা একটি মামলায় রোববার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন পান অভিযুক্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত ভবন থেকে বের হওয়ার সময় ইয়ামিন আলীকে ঘিরে ধরেন কয়েকজন। এরপর তারা একযোগে ইয়ামিন আলীর ওপর হামলা চালান।
এ সময় এলোপাতাড়ি মারধরে তার মাথা ফেটে যায়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে দৌড়ে পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নেন তিনি। পরে হামলাকারীরা পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতা তাদের কয়েকজনকে ধরে গণপিটুনি দেয়। একপর্যায়ে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়।
আহত আইনজীবী ইয়ামিন আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কিছুদিন আগে তার বাম হাত ভেঙে দিয়েছিল। এ ঘটনায় তিনি মামলা করেন। রোববার ওই মামলায় অভিযুক্তরা আদালত থেকে জামিন পান। জামিন পাওয়ার পর তারা আদালত চত্বরে অবস্থান নিয়ে তার জন্য অপেক্ষা করছিলেন। আদালত ভবন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই অতর্কিতভাবে তার ওপর হামলা চালানো হয়। তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন।
এদিকে, রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বলেন, ‘এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এ ধরনের ঘটনা কর্মক্ষেত্রে আইজীবীদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা এ ঘটনাকে মোটেও ছোট করে দেখছি না। মামলা করব। ’
এ বিষয়ে রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত এখনই বলা যাচ্ছে না।