সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি মাদক চোরাচালান ঠেকাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা বলেন তিনি। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং কমিটির সদস্য মো. কামরুজ্জামান, মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা।
বৈঠকে মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা নির্মূলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন কমিটির সভাপতি জয়নুল আবেদীন। মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক নেটওয়ার্ক ও অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তের সুপারিশও করেন তিনি।
সীমান্ত নিরাপত্তা জোরদারে উন্নত প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেন হুইপ রকিবুল ইসলাম। এ জন্য ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানোর পরামর্শ দেন তিনি।
হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সামাজিক বিপ্লব প্রয়োজন। এটি শুধু কোনো মন্ত্রণালয় বা একক বাহিনীর দায়িত্ব নয়; বরং সমন্বিত জাতীয় দায়িত্ব।
বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ দমনে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। পাশাপাশি মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও চোরাচালানের পথ চিহ্নিত করার বিষয়টি পর্যালোচনা করা হয়।
মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে যৌথ নজরদারি ও অভিযান জোরদার এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা।