ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে ফাঁদ পেতে সক্রিয় প্রতারক চক্র, নিঃস্ব হচ্ছে বহু পরিবার

২ ঘন্টা আগে
ফেসবুকে ফাঁদ পেতে সক্রিয় প্রতারক চক্র, নিঃস্ব হচ্ছে বহু পরিবার
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। ভুয়া আইডি ব্যবহার করে সাধারণ মানুষকে নানা লোভনীয় প্রস্তাব দিয়ে চক্রটি হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। সম্প্রতি কমলনগর ও লক্ষ্মীপুরসহ জেলার বিভিন্ন এলাকায় এই ধরনের প্রতারণার শিকার হয়ে অনেকে সর্বস্বান্ত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, প্রতারকরা ফেসবুকের বিভিন্ন ফেক আইডি থেকে টার্গেট করা ব্যক্তির ইনবক্সে মেসেজ পাঠিয়ে যোগাযোগ করে। এরপর তারা একটি কাল্পনিক ও লোভনীয় গল্প ফেঁদে বলে, বিদেশে বা প্রবাসে থাকা কোনো ধনী ব্যক্তি (যেমন—আমেরিকা প্রবাসী হারুন বা অন্য কেউ) সপরিবারে মারা গেছেন এবং তিনি যাওয়ার আগে ব্যাংকে বা বীমায় লক্ষ লক্ষ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি রেখে গেছেন। প্রতারকরা আরও দাবি করে, ওই মৃত ব্যক্তির কোনো উত্তরাধিকারী না থাকায় তাদের কথামতো সহযোগিতা করলে এবং আইনি খরচ বা প্রসেসিং ফি বাবদ কিছু টাকা দিলে ওই সম্পত্তির অর্ধাংশ ভুক্তভোগীকে দেওয়া হবে।

এই ধরনের প্ররোচনায় ও লোভে পড়ে অনেকেই তাদের পাতা ফাঁদে পা দিচ্ছেন। প্রতারকরা প্রথমে সামান্য কিছু টাকা নিলেও পরবর্তীতে বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেয়।

এ বিষয়ে সচেতন মহল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন, অপরিচিত বা অচেনা কোনো আইডি থেকে এ ধরনের লোভনীয় প্রস্তাব আসলে তা সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম নিরাপদে ব্যবহার করতে এবং অপরিচিত কারোর সঙ্গে আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন তারা।

সাধারণ মানুষকে সাইবার অপরাধ ও এ ধরনের অভিনব প্রতারণা থেকে রক্ষা করতে আরও বেশি সচেতনতা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও সংবাদকর্মীরা।





কমেন্ট বক্স