ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা সদরে মিছিল চলাকালে এ হামলার ঘটনা ঘটে। একই দিন উপজেলা যুবদলের কার্যালয় এবং বিএনপি সমর্থকদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, রোববার বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীর ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে, টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের কার্যালয় এবং বিএনপি সমর্থকদের কয়েকটি বাড়ি ও দোকানে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্যার বাড়ি এবং কয়েকজন বিএনপি সমর্থকের ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব প্লাটুনে মোট ১৫০ জন সদস্য রয়েছেন।

রোববার পৃথক প্রজ্ঞাপনে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তার জায়গায় হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

যশোর এরিয়ার বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান জানান, গোপালগঞ্জের পরিস্থিতি সামাল দিতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা সরকারি সম্পত্তি ও জানমাল রক্ষায় কাজ করবেন।

গত কয়েক দিন ধরে গোপালগঞ্জে সড়ক অবরোধ করে মিছিল করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববারের মিছিলে লগি-বৈঠা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদের অংশ নিতে দেখা যায়। এসব মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়।

এর আগে, গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন এসআই মোসলেম আলী। টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী জানান, মামলায় মোট ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ২ হাজার জন অজ্ঞাতনামা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে দিনভর সহিংসতা চালান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ওই দিন সকাল থেকে লগি-বৈঠা, ঢাল-সড়কি ও দেশীয় অস্ত্র নিয়ে তারা টুঙ্গিপাড়ার গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। বিক্ষোভের একপর্যায়ে পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। 





কমেন্ট বক্স