ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কা ও মদিনার আকাশে ড্রোন ধ্বংস করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
১ ঘন্টা আগে
মক্কা ও মদিনার আকাশে ড্রোন ধ্বংস করল সৌদি
সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চল লক্ষ্য করে ফের হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত মিলিশিয়া হুতি বিদ্রোহীরা। তবে আকাশেই সেই ক্ষেপণাস্ত্র রুখে দেয়ার দাবি করেছে দেশটি।

ইয়েমেনে লড়াইরত সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি, মক্কা অঞ্চলের দিকে নিক্ষেপ করা দুটি এবং মদিনা অঞ্চলের দিকে আসা একটি ড্রোন প্রতিহত করেছে তারা। এসব ড্রোন হুতি বিদ্রোহীরা পাঠিয়েছিল বলে জানিয়েছে জোটটি। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হুতিরা।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন দুটি ধ্বংসের খবর জানান। তবে এ ঘটনায় হতাহত কিংবা কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
 
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হুতিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। যদিও এর আগে মক্কা অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছিল ইরান সমর্থিত এই গোষ্ঠীটি।

এছাড়া মদিনা অঞ্চলের দিকে ধেয়ে আসা হুতিদের একটি ড্রোনও প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এই ঘটনায়ও হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।

প্রসঙ্গত, সাম্প্রতিক দিনগুলোতে ইরান-সমর্থিত হুতিদের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা বেড়েছে। সৌদি আরবের দিকে ছোড়া এসব হামলার বেশিরভাগই অবশ্য প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।





কমেন্ট বক্স