ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বিভাগ ঘোষণা করে আমাদের ইজ্জত রক্ষা করুন: মনিরুল

অনলাইন ডেস্ক
৩২ মিনিট আগে
কুমিল্লা বিভাগ ঘোষণা করে আমাদের ইজ্জত রক্ষা করুন: মনিরুল
কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেছেন, কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী করার দাবিতে ১২ জন সংসদ সদস্য একসঙ্গে সরকারকে চিঠি দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি। সংসদে তিনি সরকারের কাছে জানতে চেয়েছেন, কবে কুমিল্লা বিভাগ হবে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি জানান। মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লার দীর্ঘদিনের ঐতিহাসিক ও শিক্ষাগত ঐতিহ্য রয়েছে। কুমিল্লা মহানগরী হলেও এখন পর্যন্ত মেট্রোপলিটন নগরীর আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি। দুটি পৌরসভা একীভূত করে মহানগরী করা হলেও অবকাঠামো ও অন্যান্য নাগরিক সেবার ক্ষেত্রে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। এসব সেবার অনেক কিছুই উপজেলা থেকে পরিচালিত হচ্ছে। তিনি এটিকে কুমিল্লার মানুষের প্রতি অত্যাচার ও জুলুম বলে উল্লেখ করেন।

তিনি বলেন, কুমিল্লাকে বিভাগ ও মেট্রোপলিটন নগরী করার দাবিতে ১২ জন সংসদ সদস্য একত্র হয়ে সরকারকে চিঠি দিয়েছেন। কিন্তু এ পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি।

স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এক মাসের মধ্যে কক্সবাজারে পৌরসভা করা হয়েছে। আশা করি, এক বছরের মধ্যে কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী ও বিভাগ ঘোষণা করা হবে।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী এখানে নেই। তিনি জানেন, আমাদের বিব্রত হওয়ার অবস্থাটা। এই কথা বলতে বলতে বুড়ো হয়ে গেলাম। কোনো কিছু করতে পারিনি। আশায় আশায় বেঁচে আছি। আশা করি, কুমিল্লার প্রতি সুবিচার করবেন। আল্লাহ আপনাদের প্রতি সুবিচার করবেন।’

তিনি বলেন, কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি জানানোর পর দেশে আরও অনেক বিভাগ হয়েছে। এ বিষয়ে আরও অনেক কথা বলার থাকলেও তিনি শুধু কুমিল্লার মানুষের সম্মান রক্ষার আহ্বান জানাতে চান।

আশা করি কুমিল্লার প্রতি সুবিচার করবেন জানিয়ে স্পিকারের উদ্দেশে তিনি আরও বলেন, আমি আপনার মাধ্যমে সরকার থেকে অবিলম্বে জানতে চাই কবে কুমিল্লা বিভাগ হবে? কুমিল্লার দাবির পরে অনেক বিভাগ হয়েছে। আরো অনেক দাবি ছিল বলতে পারতাম, শুধু বলব আমাদের ইজ্জতটা রক্ষা করুন।





কমেন্ট বক্স