ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাইন বিস্ফোরণে হরমুজে ২০ লাখ ব্যারেল তেলসহ জাহাজডুবি

আন্তর্জাতিক ডেস্ক
৫২ মিনিট আগে
মাইন বিস্ফোরণে হরমুজে ২০ লাখ ব্যারেল তেলসহ জাহাজডুবি
হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে নিষিদ্ধ ও মাইন-ঝুঁকিপূর্ণ এলাকা দিয়ে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাতপ্রাপ্ত হয়ে দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপার ট্যাংকার পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় ডুবে গেছে বলে দাবি করেছে ইরান।

রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য জানানো হয়। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী এক বিবৃতিতে এ ঘটনার বিস্তারিত তুলে ধরে।

বিবৃতিতে দাবি করা হয়, দুটি তেলবাহী ট্যাংকার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্ররোচনা ও সহযোগিতায় নিজেদের শনাক্তকরণ এবং অবস্থান নির্ণয়ের জন্য ব্যবহৃত সব জিপিএস ব্যবস্থা বন্ধ করে গোপনে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় জাহাজ দুটি সমুদ্রের মাইনে আঘাতপ্রাপ্ত হয়। এতে ভয়াবহ বিস্ফোরণের পাশাপাশি ট্যাংকার দুটিতে আগুন ধরে যায়।

আইআরজিসির নৌবাহিনীর দাবি অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ট্যাংকার দুটির একটি ছিল সুপার ট্যাংকার। জাহাজটিতে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর সেটি পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় ডুবে যায়।

এ ঘটনার পর তেলবাহী ট্যাংকারের মালিক, শিপিং কোম্পানির পরিচালক এবং জাহাজের নাবিকদের নিষিদ্ধ এলাকা থেকে দূরে থাকার সতর্কবার্তা দিয়েছে আইআরজিসির নৌবাহিনী।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্ররোচনায় কেউ যেন বিভ্রান্ত না হন। ইরানের নির্ধারিত নিয়ম ও বিধিনিষেধ অমান্য করে নিষিদ্ধ এবং মাইন-ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করলে সংশ্লিষ্ট জাহাজগুলোকে একই ধরনের পরিণতির মুখে পড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

তবে ট্যাংকার দুটির নাম, মালিকানা, হতাহতের তথ্য এবং ঘটনার স্বাধীনভাবে নিশ্চিত হওয়া বিস্তারিত তথ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি। ইরনা, পার্সটুডে





কমেন্ট বক্স