যুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে না। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এমন হুঙ্কার দিয়েছেন। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) তেহরানকে পরিদর্শন কার্যক্রম পুনরায় শুরুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানোর কয়েক দিন পর ইরান এ অবস্থান জানাল। গত বছর ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর থেকে এ পরিদর্শন কার্যক্রম বন্ধ রয়েছে। ওই যুদ্ধে যুক্তরাষ্ট্রও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল।
রোববার (১৫ নভেম্বর) রাতে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, ‘ইরানের শর্ত পূরণ এবং যুদ্ধের স্থায়ী অবসান না হওয়া পর্যন্ত আমরা আইএইএকে এসব স্থাপনায় প্রবেশের অনুমতি দেব না।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধের সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আবারও হামলা চালানো হয়।
আইএইএ’র পরিদর্শকেরা গত সেপ্টেম্বরে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন। তবে নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানসহ বোমা হামলায় ক্ষতিগ্রস্ত অন্য স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি পাননি তারা।
ঘারিবাবাদি বলেন, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনে আইএইএর এই অনুরোধের উদ্দেশ্য সম্ভবত ‘মার্কিন অস্ত্রের কার্যকারিতা মূল্যায়ন করা।’
ইরানের কর্মকর্তারা জানান, দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী পর্যায়ে অনুষ্ঠিত হবে।
এ মাসের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা করে। তেহরান এ পদক্ষেপকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেছে।