ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

একের পর এক মার্কিন ড্রোন জব্দ করছে ইরান

অনলাইন ডেস্ক
১৭ মিনিট আগে
একের পর এক মার্কিন ড্রোন জব্দ করছে ইরান
ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি এমকিউএম-১৭০ ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। সোমবার কেশম দ্বীপের দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বাহিনীটির জনসংযোগ বিভাগ।

আইআরজিসি নৌবাহিনীর দাবি, ড্রোনটি ইরানের আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থার ওপর নজরদারি চালাচ্ছিল। এ সময় ইরানি বাহিনীর সদস্যরা ড্রোনটির বিরুদ্ধে ইলেকট্রনিক আক্রমণ পরিচালনা করেন। একপর্যায়ে এর নিয়ন্ত্রণব্যবস্থা নিজেদের আয়ত্তে নিয়ে আসতে সক্ষম হন তাঁরা। পরে ড্রোনটিকে অক্ষত অবস্থায় ভূমিতে অবতরণ করানো হয়।

বাহিনীটির দেওয়া তথ্য অনুযায়ী, আইআরজিসি নৌবাহিনীর ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ইউএভি (UAV) কমান্ডের হাতে অক্ষত অবস্থায় আটক হওয়া এটি চতুর্থ ড্রোন। অন্যদিকে, হরমুজ প্রণালীর আশপাশের এলাকায় আইআরজিসির আকাশ প্রতিরক্ষা বাহিনীর হাতে অক্ষত অবস্থায় জব্দ হওয়া ড্রোনের মোট সংখ্যা দাঁড়িয়েছে আটটিতে।

ইরানের দাবি, কেশম দ্বীপের দক্ষিণে অবস্থানরত ড্রোনটির মূল উদ্দেশ্য ছিল দেশটির আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থার অবস্থান শনাক্ত করা এবং সেগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করা। তবে আইআরজিসির ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতার কারণে ড্রোনটি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারায়।

এদিকে, আইআরজিসি দাবি করেছে, সামরিক অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের অত্যাধুনিক প্রযুক্তির সামরিক সরঞ্জাম মোতায়েন করলেও সেগুলো প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না। কয়েক মিলিয়ন ডলার মূল্যের এমকিউ-৯ (MQ-9) ও এমকিউ-১ (MQ-1) ড্রোন থেকে শুরু করে এমকিউএম-১৭০ এবং লয়টারিং মিউনিশন—বিভিন্ন ধরনের আকাশযান ও অস্ত্রব্যবস্থা ইরানি বাহিনীর প্রতিরোধের মুখে পড়েছে বলে দাবি করেছে তারা।

আইআরজিসির ভাষ্য, তাদের তরুণ ও দক্ষ সামরিক কর্মকর্তাদের প্রযুক্তিগত দক্ষতা, কৌশলগত উদ্যোগ এবং ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনার সক্ষমতার কারণে মার্কিন সামরিক সরঞ্জামের কার্যক্রম ব্যাহত হচ্ছে। কিছু সরঞ্জাম ধ্বংস বা অকার্যকর করা হয়েছে বলেও দাবি করেছে বাহিনীটি। মেহের নিউজ





কমেন্ট বক্স