প্রায় দুই বছর বন্ধ থাকার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খুলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীদের নেতৃত্বে একটি মিছিল বের করে কার্যালয় খুলে পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধে প্রবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন তাঁরা।
টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লবের নেতৃত্বে নেতাকর্মীরা প্রথমে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় খুলে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধের তিনটি ফটক খুলে ভেতরে প্রবেশ করেন নেতাকর্মীরা। সমাধিসৌধের বেদির সামনে দাঁড়িয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেন তাঁরা।
শেখ ইফতি জামান পল্লব বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যেই তাঁরা ঐক্যবদ্ধ হয়েছেন। নেতাকর্মীদের বসার সুযোগ করে দিতে দলীয় কার্যালয় খুলে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর সমাধিসৌধ কোনো দলের একক সম্পদ নয়, এটি সারা বাংলাদেশের সম্পদ বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে পুলিশ ও প্রশাসনের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কারও বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছিলেন গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেদিনও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন তাঁরা।