ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ডিআইজি: জননিরাপত্তার স্বার্থে যা দরকার তাই করবে পুলিশ

অনলাইন ডেস্ক
৫১ মিনিট আগে
গোপালগঞ্জে ডিআইজি: জননিরাপত্তার স্বার্থে যা দরকার তাই করবে পুলিশ
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, “আমরা চাচ্ছি জনজীবন স্বাভাবিক করতে। জননিরাপত্তার জন্য যা যা করা দরকার পুলিশ তা করবে।”

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, “আজ সকাল থেকে আমাদের পুলিশ, এপিবিএন, আরআরএফ ও বিজিবি মোতায়েন আছে। আমরা সম্মিলিতভাবে জনশৃঙ্খলা রক্ষায় এবং সরকারি সম্পত্তি ও মানুষের নিরাপত্তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের পুলিশের পক্ষ থেকে প্রায় দুই হাজার ফোর্স-অফিসার মোতায়েন আছে। আমাদের সিনিয়র অফিসার অতিরিক্ত ডিআইজি, এসপি, অতিরিক্ত পুলিশ সুপার অর্থ্যাৎ মিড লেভেলের অনেক কর্মকর্তা এখানে কাজ করছেন।”

তিনি আরো বলেন, “আমাদের জননিরাপত্তা যেটা সেটা পরিপূর্ণভাবে আছে। আমাদের ৬৭ কিলো হাইওয়ে যেটা আছে সেখানে ক্রস পেট্রোলসহ নিরাপত্তা জোরদার আছে।আমাদের গোপালগঞ্জ পৌরসভা এবং যে ৪টি উপজেলা রয়েছে সেখানেও আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। সামগ্রিকভাবে পুলিশের পক্ষ থেকে সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে। রবিবারের ঘটনায় আমাদের মামলার কার্যক্রম চলমান আছে। যারা গ্রেফতার আছে তারা সবাই এ ঘটনার সাথে জড়িত। আমরা নিরপরাধ কাউকে গ্রেফতার করবো না।”

আগামী ১৯ নভেম্বর সারাদেশে কাযক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, “যে কোন কর্মসূচি কেন্দ্র করে পুলিশ সেই অনুপাতে নিরাপত্তা ব্যবস্থা করবে। বাংলাদেশ পুলিশ জনগনের নিরাপত্তার জন্য কাজ করে যাবে। কাজেই আমরা ওই দিনের থ্রেট পর্যালোচনা করে পর্যাপ্ত অফিসার ফোর্স মোতায়েন করবো এবং বিজিবিও কাজ করবে। আইন বহির্ভূত যে কোন বিষয়েই পুলিশ তার আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রাখবে।”

এরআগে, গতকাল রবিবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নি সংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।





কমেন্ট বক্স