বান্দরবানের লামায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে আটক করেছে লামা থানা-পুলিশ। আটক ব্যক্তির নাম মো. রমজান আলী প্রকাশ রাজু (২৬)। তিনি জেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য বলে জানা গেছে।
সোমবার (১৬ নভেম্বর) লামা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লামামুখ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক রাজু লামা উপজেলার লামামুখ এলাকার আবুল কালাম ও রহিমা বেগম দম্পতির ছেলে। পুলিশের দাবি, রাজু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। এ ছাড়া লামা এলাকায় নাশকতা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় লামামুখ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ রাজুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে আটক রাজুর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলা রয়েছে কি না, তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পরবর্তী কী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।