ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর, কাল মিলতে পারে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ

অনলাইন ডেস্ক
১০ মিনিট আগে
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর, কাল মিলতে পারে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ
দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রথমবারের মতো আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রাথমিক পর্যায়ে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে ৩০০ থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনা রয়েছে। এই সংযোগের মাধ্যমে কেন্দ্রটির উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালন এবং জাতীয় গ্রিডের সক্ষমতা পরীক্ষার গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম দেশের এক গণমাধ্যমকে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক তাকে জানিয়েছেন, আগামীকালের মধ্যে কেন্দ্রটি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হবে।

তবে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, এর আগে কয়েকবার কেন্দ্রটিকে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় করার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। এবার পরীক্ষার জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। শিগগিরই এ কার্যক্রম সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঠিক কখন সংযোগ দেওয়া হবে, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে ৩০০ থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতে পারে।

এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন দেশের এক গণমাধ্যমকে বলেন, উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের জন্য কেন্দ্রটি প্রস্তুত রয়েছে। গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপন কেন্দ্রটির পরীক্ষামূলক কার্যক্রমেরই অংশ।

তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্রটি জাতীয় গ্রিডে যুক্ত হলে বিদ্যুৎ সরবরাহের পর পুরো ব্যবস্থা কীভাবে সাড়া দেয়, তা পর্যবেক্ষণ করা হবে। বিশেষ করে গ্রিডের ফ্রিকোয়েন্সি স্থিতিশীল থাকে কি না, সেটি মূল্যায়ন করা হবে। টারবাইনের সমন্বয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পর এর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হবে।

মন্ত্রণালয়ের সচিব জানান, গ্রিডের সঙ্গে সংযুক্ত করার পর নির্দিষ্ট সময় পর্যন্ত কেন্দ্রটি চালু রেখে বিভিন্ন বিষয় পরীক্ষা করা হবে। এরপর আবার বন্ধ করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। কমিশনিং প্রক্রিয়ার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম স্বাভাবিক।

তিনি আরও বলেন, প্রাথমিক সংযোগের পর সবকিছু স্বাভাবিক থাকলে কেন্দ্রটি কয়েক ঘণ্টা চালু রাখা হতে পারে। তবে কোনো ধরনের কারিগরি ত্রুটি বা জটিলতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হবে। পরে প্রয়োজনীয় পরীক্ষা শেষে আবারও জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হতে পারে।





কমেন্ট বক্স