ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বল হাতে নিয়ে প্রথম ওভারেই ২০২ রানের জুটি ভাঙলেন মুমিনুল

অনলাইন ডেস্ক
৪৪ মিনিট আগে
বল হাতে নিয়ে প্রথম ওভারেই ২০২ রানের জুটি ভাঙলেন মুমিনুল
জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের করা ৪০০ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ২৩৩ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ১৬৭ রানে পিছিয়ে থাকলেও হাতে এখনো ৮ উইকেট রয়েছে স্বাগতিকদের। দ্বিতীয় উইকেটে মার্কাস অ্যাকারম্যান ও জুবায়ের হামজার ২০২ রানের জুটি ভাঙতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। শেষ পর্যন্ত মুমিনুল হকের বলে হামজা ফিরলে স্বস্তি ফেরে টাইগার শিবিরে।

দিনের খেলা শেষে ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৩ রান করেছে দক্ষিণ আফ্রিকা। অ্যাকারম্যান ১২৫ বলে ১০০ রান করে অপরাজিত আছেন। অন্যদিকে ৮৩ রান করে ফিরেছেন হামজা।

এর আগে, ইনিংসের শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দেন পেসার হাসান মাহমুদ। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এইডেন মার্করামের ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ৮ বলে ৪ রান করে ফিরতে হয় মার্করামকে। তাতে ৫ রানেই প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

তবে, এরপর আর কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে জুটি গড়ে পাল্টা আক্রমণ শুরু করেন অ্যাকারম্যান ও হামজা। পঞ্চম ওভারে হামজাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলার সুযোগ তৈরি হলেও নো বলের কারণে বেঁচে যান তিনি। পরে দুজন মিলে বাংলাদেশের বোলারদের বেশ ভুগিয়েছেন।

এ দিকে, ১৬তম ওভারে ফিরতি বল ধরতে গিয়ে মাথায় আঘাত পান হাসান মাহমুদ। বল তার কপালে আঘাত করলে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে ওভার শেষ করেন হাসান। কিছুক্ষণ মাঠের বাইরে থাকার পর আবার খেলায় ফেরেন এই পেসার।

অন্যদিকে, ধৈর্য ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন দুই প্রোটিয়া ব্যাটার। এর মধ্যে ১২৫ বলে ১৪টি চারের সাহায্যে সেঞ্চুরি পূর্ণ করেন অ্যাকারম্যান। অন্য প্রান্তে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন হামজাও। তবে ৪০ ওভারের বেশি সময় উইকেট না পাওয়ার পর মুমিনুলকে বোলিংয়ে আনেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

অধিনায়কের সেই সিদ্ধান্ত কাজে লাগান মুমিনুল। তার অফ স্টাম্পের বাইরের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে ৮৩ রানে ফিরেছেন হামজা। তাতে ভাঙে দক্ষিণ আফ্রিকার ২০২ রানের দ্বিতীয় উইকেট জুটি। এরপর আর কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করে স্বাগতিকেরা।

এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১০১ ওভার ২ বলে ৪০০ রান করে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৩৭ রান করেন তাওহিদ হৃদয়। লিটন দাসের ব্যাট থেকে আসে ১২০ রান।

লিটন ও হৃদয়ের জোড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে বাংলাদেশ। পাশাপাশি গত ১৭ বছরে প্রথম সফরকারী দল হিসেবে জোহানেসবার্গে এক ইনিংসে ৪০০ রানের মাইলফলক ছোঁয়ার কৃতিত্বও দেখায় তারা।





কমেন্ট বক্স