সামরিক শক্তি কি কোনো রাষ্ট্রকে আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে স্থান দিতে পারে? অস্ত্রের জোরে আইনকে নিয়ন্ত্রণ করার এমন প্রবণতা শেষ পর্যন্ত বিশ্বকে কোথায় নিয়ে যেতে পারে? এই প্রশ্ন তুলেই যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি। তাঁর সতর্কবার্তা, আইনের ওপর অস্ত্রের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার চেষ্টা বিশ্বকে আবারও সন্ত্রাসবাদ, স্বৈরশাসন ও জঙ্গলের আইনের দিকে ঠেলে দিতে পারে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এসব কথা বলেন বাকায়ি।
সম্প্রতি রুবিও মন্তব্য করেন, ‘যাদের হাতে তরবারি রয়েছে, তাদের কাছে আইন নিয়ে কথা বলবেন না।’ তাঁর এই বক্তব্যের সমালোচনা করে ইরানের মুখপাত্র বলেন, এমন চিন্তাধারার প্রতি উদাসীন থাকার কারণে অতীতেও বিশ্বকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হয়েছে।
এ প্রসঙ্গে ইতিহাসের অন্যতম ভয়াবহ স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের ক্ষমতা সুসংহত করার প্রক্রিয়ার উদাহরণ টানেন তিনি।
বাকায়ি বলেন, জার্মানির পার্লামেন্ট ভবন রাইখস্টাগে অগ্নিকাণ্ডের পর হিটলার জাতীয় নিরাপত্তার অজুহাতে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। এর মধ্য দিয়ে নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত করা হয় এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠার পথ তৈরি হয়।
তাঁর ভাষায়, হিটলার একদিনে আইনকে পুরোপুরি অস্বীকার করেননি। বরং জরুরি প্রয়োজনের অজুহাত দেখিয়ে প্রথমে আইনের ভেতরের মূল ভিত্তি ও কার্যকারিতা ধ্বংস করেছিলেন। পরে সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের স্বৈরশাসন প্রতিষ্ঠা করেন।
ইরানের এই মুখপাত্রের দাবি, বর্তমান বিশ্বেও একই ধরনের বিপজ্জনক প্রবণতা লক্ষ করা যাচ্ছে। নৈতিকতা ও নিরাপত্তার যুক্তি সামনে রেখে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে। অথচ একই সময়ে সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্রগুলো নিজেদের আইনি জবাবদিহির বাইরে রাখার চেষ্টা করছে।
এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরব থাকা কিংবা আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই বলেও সতর্ক করেন তিনি।
বাকায়ি আরও প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্র যদি মনে করে সামরিক শক্তি ও অস্ত্রের অধিকারী হওয়ার কারণে আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতা তাদের নেই, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় কীভাবে ওয়াশিংটনের এই যুক্তির সঙ্গে জঙ্গিগোষ্ঠী দায়েশ বা আইএসের মতাদর্শের পার্থক্য নির্ধারণ করবে?
তাঁর মতে, আন্তর্জাতিক ব্যবস্থা তখনই ভেঙে পড়তে শুরু করে, যখন শক্তিশালী রাষ্ট্রগুলো নিজেদের জন্য এমন বিশেষ অধিকার দাবি করে, যা অন্য রাষ্ট্রের ক্ষেত্রে স্বীকার করতে তারা প্রস্তুত নয়।
নিজের বক্তব্যের পক্ষে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা নেতা জেমস ম্যাডিসনের একটি উদ্ধৃতিও তুলে ধরেন বাকায়ি। ‘দ্য ফেডারেলিস্ট পেপার্স’-এর ৫১ নম্বর প্রবন্ধে ম্যাডিসন লিখেছিলেন, ‘প্রথমে সরকারকে জনগণের ওপর শাসন করার ক্ষমতা দিতে হবে; এরপর তাকে নিজের ক্ষমতা নিয়ন্ত্রণে বাধ্য করতে হবে।’
এই উদ্ধৃতির প্রসঙ্গ টেনে ইরানের মুখপাত্র বলেন, মার্কিন জনগণের উচিত রুবিওর বক্তব্যকে গভীর উদ্বেগের সঙ্গে বিবেচনা করা। কারণ যে ক্ষমতা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, তা একসময় অন্যদের স্বাধীনতাকে পদদলিত করবে।
বাকায়ির পুরো বক্তব্যে আন্তর্জাতিক আইনের সর্বজনীন প্রয়োগ, সামরিক শক্তির অপব্যবহার এবং ক্ষমতাধর রাষ্ট্রগুলোর জবাবদিহির প্রশ্নই সামনে এসেছে। তাঁর মূল বক্তব্য স্পষ্ট—কোনো রাষ্ট্র যত শক্তিশালীই হোক না কেন, সামরিক শ্রেষ্ঠত্ব তাকে আন্তর্জাতিক আইন অমান্য করার অধিকার দিতে পারে না। অন্যথায় বিশ্বব্যবস্থা আইনের শাসনের পরিবর্তে শক্তির শাসনের দিকে এগিয়ে যাবে।