ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে আজও মহাসড়ক অবরোধ, বন্ধ ৩৫ পোশাক কারখানা

অনলাইন ডেস্ক
২০ ঘন্টা আগে
গাজীপুরে আজও মহাসড়ক অবরোধ, বন্ধ ৩৫ পোশাক কারখানা
মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ার পর আজও গাজীপুরের শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ পরিস্থিতিতে আরও ৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে ৩০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।

শিল্প পুলিশ জানায়, ছয়দানা ও ভোগড়া বাইপাস এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা সকালে কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

একইভাবে নাওজোর এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। ৩০ হাজার টাকা সর্বনিম্ন মজুরির দাবি জানাচ্ছেন শ্রমিকেরা। আজ শ্রমিকের সংখ্যা বেশি থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শিল্পাঞ্চলের নিরাপত্তা রক্ষায় অন্যদিনের মতো আজও শিল্প পুলিশ, জেলা পুলিশ, জিএমপি ও আনসার সদস্যদের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি সদস্য কাজ করছেন।

তারা সতর্ক অবস্থানে থেকে শ্রমিক অসন্তোষ প্রশমনে কাজ করছেন।

ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলেও শ্রমিকেরা মহাসড়ক ছাড়ছেন না।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, মহাসড়কে যান চলাচল সচল রাখতে এবং শিল্পাঞ্চলের শৃঙ্খলা রক্ষায় তাদের সদস্যরা কাজ করছেন।





কমেন্ট বক্স