সিরাজগঞ্জের হাটিকুমরুলে পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের কৃষক ঠান্ডু মিয়া (৬০) ও দাদনপুর গ্রামের আব্দুল আলীম শেখ (৫০)। আব্দুল আলীম সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জানান, সকালে ঘন কুয়াশার মধ্যে ফজরের নামাজ আদায় করে ওই দুই ব্যক্তি মহাসড়ক দিয়ে হাঁটছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় পেছন থেকে আসা উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির পাথরবোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। এখন পর্যন্ত সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। ট্রাকটি শনাক্তের পাশাপাশি চালক ও সহকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।সংবাদ বিশ্লেষণ টুল