ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক
১৭ ঘন্টা আগে
সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
মজুরি বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। টানা দুই দিন পরিস্থিতি শান্ত থাকার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

সকাল সাড়ে ৯টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডা গ্রুপের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে সড়কে জড়ো হন। একপর্যায়ে তাঁরা সড়কে বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন।

এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে।

পুলিশের অভিযানে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন সড়ক ও গলিতে অবস্থান নেন। পরে ওই এলাকায় থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আশপাশের কয়েকটি কারখানায় শ্রমিকরা প্রবেশ করলেও ভেতরে কর্মবিরতি পালন করছেন বলে জানা গেছে।

অন্যদিকে, সকাল সাড়ে ৮টার পর আশুলিয়ার খেজুরবাগান এলাকাতেও শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

বেলা ১১টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। একাধিক কারখানার শ্রমিক মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। একেএইচসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সেখানে জড়ো হয়েছেন বলে জানান সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও বিজিবি কাজ করছে বলেও জানান তিনি।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, বেলা ১১টার দিকে ফুলবাড়িয়া এলাকায় শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। তাঁদের অবস্থানের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ চালিয়ে যাচ্ছিলেন।

এদিকে, শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারায় মঙ্গলবার আটটি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাঁচটি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন বলে জানা গেছে।

শিল্প পুলিশের একটি সূত্র জানায়, গত দুই দিন পরিস্থিতি শান্ত থাকায় মঙ্গলবার শিল্পাঞ্চলে বন্ধ থাকা কারখানার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি।





কমেন্ট বক্স