পাকিস্তানের পশতুন অধিকারকর্মী ও দেশটির জাতীয় পরিষদের সাবেক সদস্য আলী ওয়াজিরের কারাবাস যেন শেষই হচ্ছে না। একের পর এক মামলায় জামিন ও খালাস পেলেও নতুন অভিযোগে বারবার গ্রেপ্তার হওয়ায় মুক্তি মিলছে না তার। সর্বশেষ গত ২১ অক্টোবর একটি মামলা থেকে খালাস পেলেও অন্য মামলাগুলো বিচারাধীন থাকায় এখনো কারাগারে রয়েছেন তিনি।
আলী ওয়াজিরের মুক্তি ও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির অভিযোগ, শান্তিপূর্ণ রাজনৈতিক ও মানবাধিকার কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে তাকে বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট থেকে বিচার-পূর্ব আটক রয়েছেন আলী ওয়াজির। ২০২৬ সালের ১৬ মার্চ তিনি মুক্তি পেলেও একই দিন আবার গ্রেপ্তার হন। প্রায় দুই দিন নিখোঁজ থাকার পর ১৮ মার্চ তাকে আদালতে হাজির করা হয়। কর্তৃপক্ষ জানায়, নতুন একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
৫০ বছর বয়সী আলী ওয়াজির পাকিস্তানের বিশিষ্ট পশতুন মানবাধিকারকর্মী এবং পশতুন তাহাফুজ মুভমেন্টের (পিটিএম) অন্যতম নেতা। তিনি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ছিলেন।
পিটিএম মূলত খাইবার পাখতুনখোয়া অঞ্চলে গড়ে ওঠা একটি নাগরিক অধিকার আন্দোলন। সংগঠনটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, বৈষম্য ও পশতুন জনগোষ্ঠীর ওপর সহিংসতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।
পাকিস্তানে তালেবানের তৎপরতার বিরুদ্ধেও সোচ্চার আলী ওয়াজির। এ কারণে তার পরিবার বারবার জঙ্গি হামলার শিকার হয়েছে। এসব হামলায় তার বাবা, দুই ভাই, দুই চাচা ও তিন চাচাতো ভাই নিহত হয়েছেন। ২০১৮ সালের জুনে দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় এক হামলায় পিটিএমের দুই সদস্য নিহত হন। ধারণা করা হয়, ওই হামলার মূল লক্ষ্য ছিলেন আলী ওয়াজির।
২০২০ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ার থেকে প্রথমবার আলী ওয়াজিরকে গ্রেপ্তার করে পাকিস্তানের কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। দুই বছরের বেশি সময় কারাগারে থাকার পর ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি একটি মামলায় খালাস এবং অন্য তিনটি মামলায় জামিন পেয়ে মুক্তি পান তিনি।
তবে একই বছরের আগস্টে পিটিএমের অন্য সদস্যদের সঙ্গে তাকে আবার গ্রেপ্তার করা হয়। কয়েক মাস পর মুক্তি পেলেও ২০২৪ সালের ৪ আগস্ট ইসলামাবাদে একটি সড়ক দুর্ঘটনার ঘটনায় তাকে পুনরায় আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সড়ক দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ ও মাদকদ্রব্য রাখার অভিযোগে তিনটি মামলা করা হয়।
প্রায় এক মাস পর তিনটি মামলাতেই জামিন পান আলী ওয়াজির। কিন্তু মুক্তি না দিয়ে তাকে রাওয়ালপিন্ডির একটি কারাগারে পাঠানো হয়। মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার (এমপিও) অধ্যাদেশের আওতায় তার বিরুদ্ধে পরপর আটকাদেশ জারি করা হয়। এসব আদেশের মাধ্যমে কোনো অভিযোগ গঠন বা বিচার ছাড়াই তাকে আটক রাখার সুযোগ পায় কর্তৃপক্ষ।