ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাশকতা করে ঢাকায় আত্মগোপন, যুবলীগের তিন নেতাকর্মী আটক

অনলাইন ডেস্ক
৭ ঘন্টা আগে
নাশকতা করে ঢাকায় আত্মগোপন, যুবলীগের তিন নেতাকর্মী আটক
রাজধানীর মোহাম্মদপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। তাদের বিরুদ্ধে গোপালগঞ্জে নাশকতা করে ঢাকায় পালিয়ে আসা এবং রাজধানীতে নতুন করে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি কাজী নুরুল আমিন তুহিন (৫৫), মো. বিল্লাল হোসেন (৪১) ও মো. আবুল বাশার (৪৭)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

মেজর মুবীন রহমান তাপস জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-২ জানতে পারে, কয়েকজন ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং রোডে অবস্থান করছেন। তাদের মধ্যে তিনজন গোপালগঞ্জে নাশকতা চালিয়ে ঢাকায় এসে আশ্রয় নিয়েছেন বলে তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে নাশকতা সৃষ্টির আগেই তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তথ্যানুসন্ধানে গ্রেপ্তার তিনজনেরই বাড়ি গোপালগঞ্জে বলে জানা গেছে। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সদস্য। গ্রেপ্তারদের মধ্যে কাজী নুরুল আমিন তুহিন কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি। পাশাপাশি তিনি আওয়ামী লীগের যাত্রাবাড়ী এলাকার ৫১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এসআরবি-২-এর এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার কাজী নুরুল আমিন তুহিনের বিরুদ্ধে দেশের দুটি থানায় মামলা রয়েছে। এর মধ্যে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ, অনধিকার প্রবেশ, চুরি, অগ্নিসংযোগ, মারধর ও গুরুতর জখমের অভিযোগ রয়েছে।

এ ছাড়া রাজধানীর ডিএমপির যাত্রাবাড়ী থানায় দায়ের করা আরেকটি মামলায় তার বিরুদ্ধে খুন, হত্যাচেষ্টা, গুরুতর জখম, অপরাধমূলক ষড়যন্ত্র, দাঙ্গা ও বেআইনি সমাবেশের অভিযোগ আনা হয়েছে।

এসআরবি-২ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিষয়ে গোপালগঞ্জের পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





কমেন্ট বক্স