ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হেলাল খানের জোট ছাড়লেন শিল্পী সমিতির জয় চৌধুরী

বিনোদন ডেস্ক
১ দিন আগে
হেলাল খানের জোট ছাড়লেন শিল্পী সমিতির জয় চৌধুরী
শিল্পীদের সঙ্গে অসম্মানজনক আচরণ, গালিগালাজ ও হুমকির অভিযোগ; এসবের প্রতিবাদেই হেলাল খানের নেতৃত্বাধীন সম্মিলিত প্ল্যাটফর্ম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী। গত সোমবার (১৬ নভেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় ১৯টি চলচ্চিত্র সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানান জয়। তিনি জানিয়েছেন, যে নেতৃত্বে শিল্পীরাই নিরাপদ নন, সেই নেতৃত্বের সঙ্গে থাকতে চান না তিনি।

চিত্রনায়ক হেলাল খানের বিরুদ্ধে শিল্পীদের অসম্মান, গালিগালাজ ও হুমকির অভিযোগ তুলে তার নেতৃত্বাধীন সম্মিলিত প্ল্যাটফর্মের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীর দাবি, হেলাল খানের সহযোগী বহিরাগতরা তার সামনেই শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এমনকি চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া ও সমিতির সদস্যদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এসব ঘটনার পর হেলাল খানের নেতৃত্বে আর থাকতে চান না বলে জানিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরে জয় বলেন, “যে নেতা একজন শিল্পী হয়ে শিল্পীদের অসম্মান করে, যে নেতার কাছে কর্মীরা নিরাপদ না সেই নেতার নেতৃত্বে থাকতে চাই না।”

জয়ের এই সিদ্ধান্তের সূত্রপাত সম্প্রতি এফডিসিতে আয়োজিত একটি মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে জয় চৌধুরী ও শিল্পী সমিতির কয়েকজন সদস্য অংশ নেননি। তাদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ হন হেলাল খান। পরে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় জয়কে ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলেও আক্রমণ করেন হেলাল।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা শুরু হয়। এর মধ্যেই সম্মিলিত প্ল্যাটফর্মের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন জয় চৌধুরী।

চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত এই প্ল্যাটফর্মের আহ্বায়ক হেলাল খান, সদস্যসচিব শিল্পী সমিতির সভাপতি শিবা শানু। আর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন জয় চৌধুরী। তার পদত্যাগের ঘোষণায় প্ল্যাটফর্মটির নেতৃত্ব ও সাংগঠনিক সমন্বয় নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।





কমেন্ট বক্স