ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের মজুরি নির্ধারণে পিছপা হয়নি সরকার: জোনায়েদ সাকি

অনলাইন ডেস্ক
৫ ঘন্টা আগে
শ্রমিকদের মজুরি নির্ধারণে পিছপা হয়নি সরকার: জোনায়েদ সাকি
অর্থনৈতিক নানা চাপের মধ্যেও শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকার মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছে। এ প্রক্রিয়া থেকে সরকার পিছিয়ে যায়নি।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ অনুযায়ী প্রতি তিন বছর পরপর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের বিধান রয়েছে। বর্তমান সরকারও সেই বিধান অনুসরণ করছে। তিন বছর পূর্ণ হওয়ার সময় হওয়ায় মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিক প্রতিনিধি দেওয়ার পরদিনই বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলন করা স্বাভাবিক বিষয়। দেশে গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম বেড়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির অবনতির কারণেও অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। এসব প্রতিকূলতার মধ্যেও সরকার মজুরি বোর্ডের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

জোনায়েদ সাকি বলেন, শ্রমিকরা তাঁদের দাবি তুলে ধরবেন, মালিকপক্ষও নিজেদের অবস্থান জানাবেন। উভয় পক্ষের আলোচনার মধ্য দিয়েই একটি গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারিত হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের শিল্প-কলকারখানার বিকাশের জন্য শ্রমজীবী মানুষের স্বার্থ নিশ্চিত করা জরুরি। শ্রমিকদের স্বার্থ রক্ষায় অতীতেও তাঁদের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে শ্রমিক আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, কোনো শক্তি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। অতীতে যেভাবে তারা উৎখাত হয়েছিল, ভবিষ্যতেও এমন চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে।





কমেন্ট বক্স