বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ৪ নম্বর নোয়াপতং ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত ফাইনালে জর্দান পাড়া ত্রিপুরা একাদশ ২-১ গোলে বাগমারা মাহিন্দ্রা ড্রাইভার মালিক সমিতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৬০ হাজার এবং রানার্সআপ দলকে ৩৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিংয়ের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সদস্য চনু মং বলেন, বাংলাদেশকে মাদকমুক্ত হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। এ সময় তিনি আয়োজক ও অংশগ্রহণকারী দলগুলোকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াপতং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চিত্র মোহন চাকমা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা ও অ্যাডভোকেট উম্যাসিং মারমা।
নোয়াপতং ইউনিয়ন বিএনপির আয়োজনে এবং বাগমারা পূর্বপাড়া এলাকাবাসীর সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।