ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই

অনলাইন ডেস্ক
৩ ঘন্টা আগে
গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই
গোপালগঞ্জে ধারাবাহিক অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

তিনি বলেন, এ বিষয়ে আর বসে বসে দেখার সময় নেই। এর প্রতিকার অবশ্যই করতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যক্রমে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুসারে আনীত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, নির্ধারিত আলোচনায় যাওয়ার আগে সদ্য পাওয়া একটি উদ্বেগজনক তথ্য সংসদকে জানানো জরুরি মনে করছেন তিনি। গত কয়েক দিন ধরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জেলায় অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। মঙ্গলবার ওই জেলার টুঙ্গিপাড়া থানায় মাইকে ঘোষণা দিয়ে ঘেরাও, হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা ঘটেছে।

এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটে যায়।

তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যম পুলিশের কোনো সূত্রের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, তিনিও এ ধরনের ঘটনার কথা শুনেছেন। জেলাটি বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ।

কয়েক দিন ধরে সেখানে এ পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে সরকারের কিছু পদক্ষেপ দেখা গেলেও ডিসি, এসপি এবং তিনজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা ছাড়া আর কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়।

বিরোধীদলীয় নেতা বলেন, গোপালগঞ্জের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার যোগাযোগ রয়েছে। ফলে দেশের একটি বড় অংশ ঝুঁকির মধ্যে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিরীহ মানুষের জীবন, সম্পদ ও সম্মান এবং রাষ্ট্রীয় সম্পদ, জনবল ও স্থাপনা রক্ষায় সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, তাঁদের কাছে তথ্য রয়েছে, আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। সরকারের কাছেও এ তথ্য থাকার কথা। যদি না থাকে এবং বাস্তবে এমন কিছু না ঘটে, সেটি ভালো। তবে এরই মধ্যে কার কার বাড়িতে আগুন দেওয়া হবে, কোথায় অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হবে, তা ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে জাতিকে আশ্বস্ত করতে এবং সংসদকে অবহিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান জামায়াত আমির।

গার্মেন্টস খাতে অস্থিরতা নিয়েও উদ্বেগ
সংসদে গার্মেন্টস খাতের চলমান অস্থিরতা নিয়েও কথা বলেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, এ বিষয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। কেউ তথ্য-উপাত্ত দিয়ে সমস্যার দিক তুলে ধরেছেন, আবার কেউ সম্ভাবনার কথা বলেছেন।

গার্মেন্টস শিল্পকে বাংলাদেশের প্রাণ উল্লেখ করে তিনি বলেন, দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রায় ৮০ শতাংশ আসে এ খাত থেকে। এ খাত থেকে বছরে ৩৮ থেকে ৪০ বিলিয়ন ডলার আয় হয়। এর পরেই রয়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স।

এই শিল্পে বিপর্যয় দেখা দিলে উদ্যোক্তা ও মালিকপক্ষ ক্ষতিগ্রস্ত হবেন। তাঁরা ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারবেন না। এতে ব্যাংকিং খাতও সংকটে পড়বে। ব্যাংক কিস্তির অর্থ ফেরত না পেলে অর্থের প্রবাহ বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, উৎপাদন বন্ধ হয়ে গেলে বা চালু রাখা সম্ভব না হলে মালিকপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধ করতে পারবে না। তখন কারখানায় ছাঁটাই বা লে-অফের পরিস্থিতি তৈরি হবে। এর ফলে আবারও বিশৃঙ্খলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের আশঙ্কা দেখা দেবে। এতে মালিক, শ্রমিক ও দেশ—সব পক্ষই ক্ষতিগ্রস্ত হবে।

বিপুলসংখ্যক শ্রমিক কর্মসংস্থান হারালে তাঁদের বিকল্প কাজের ব্যবস্থা করা কঠিন হবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এতে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। তাই গার্মেন্টস খাতকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই।

সরকার এককভাবে এ খাতের সমস্যা সমাধানে ব্যর্থ হলে বড় বিপর্যয় দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারি দল, বিরোধী দল, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে একটি জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেন জামায়াত আমির।

তিনি বলেন, জাতীয় স্বার্থে সবাই একসঙ্গে কাজ করলে মালিক ও শ্রমিকদের মধ্যে আস্থা ফিরবে। বাইরে থেকে যারা উসকানি ও প্ররোচনা দিচ্ছে, তাদের কাছেও ঐক্যের বার্তা পৌঁছাবে। এতে অস্থিরতা কমতে পারে।

গার্মেন্টস শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে সরাসরি আর্থিক প্রণোদনা দেওয়ারও প্রস্তাব দেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, প্রতিবেশী দেশেও এ ধরনের ব্যবস্থা রয়েছে। সেখানে প্রতিষ্ঠান বেসরকারি খাতের হলেও সরকার শ্রমিকদের সরাসরি প্রণোদনা দেয়।

তিনি বলেন, শিল্প মালিকরা উৎপাদন বাড়াতে না পারলে বা লাভের মুখ না দেখলে এ শিল্প চালু রাখা কঠিন হবে। তাই মালিক ও শ্রমিক—উভয় পক্ষকে সুরক্ষা দিতে হবে। মজুরি বোর্ড গঠন ইতিবাচক পদক্ষেপ হলেও সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় তাঁর প্রস্তাব বিবেচনা করা প্রয়োজন।

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপের দাবি
আলোচনার শেষ পর্যায়ে আবারও গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কোনো সমস্যাকে একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকবে বলে মনে করার কারণ নেই। বিষফোড়ার জীবাণু রক্তে ছড়িয়ে পড়লে তা পুরো শরীরে ছড়িয়ে পড়ে। তাই ছড়িয়ে পড়ার আগেই সমস্যার সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। সেখানে বহু নাগরিক, দেশপ্রেমিক ও নিরীহ মানুষ বসবাস করেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা সরকার ও সবার সম্মিলিত দায়িত্ব।

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সমালোচনা করে জামায়াত আমির বলেন, দেশকে ভালোবাসলে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না, সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করতে পারে না কিংবা মানুষের জীবন কেড়ে নিতে পারে না। প্রকাশ্যে ঘোষণা দিয়ে এভাবে ধ্বংসযজ্ঞ চালানোর সুযোগ নেই। এ বিষয়ে আর বসে থাকার সময় নেই। এর প্রতিকার অবশ্যই করতে হবে।





কমেন্ট বক্স