ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে নামাজে জীবনের অন্ধকার দূর হয়

অনলাইন ডেস্ক
৬ ঘন্টা আগে
যে নামাজে জীবনের অন্ধকার দূর হয়
নামাজ মুমিনের জীবনে সবচেয়ে বড় পাথেয়। নামাজ মুমিনকে উভয় জগতে আলোর পথ দেখায়। যে নামাজে আল্লাহর স্মরণ ও ভয়, বিনয় ও একাগ্রতা থাকে সে নামাজ মুমিনের জন্য উভয় জগতে সাফল্য লাভের চাবিকাঠি।

কেননা এমন নামাজ পাপ কাজ থেকে বিরত রাখে, অন্তরের রোগ দূর করে, শরীরের ব্যাধি প্রশমিত করে, আত্মাকে আলোকিত করে, চেহারায় ঔজ্জল্য আনে, শরীর ও মন সতেজ করে, জীবিকার পথ প্রশস্ত করে, অন্যায়-অবিচার প্রতিহত করে, আল্লাহর সাহায্য তরান্বিত করে, পশু প্রবৃত্তি দমন করে, আল্লাহর নেয়ামতরাজি রক্ষা করে, লাঞ্ছনা প্রতিহত করে, আল্লাহর রহমত ডেকে আনে, দুশ্চিন্তা-দুর্ভাবনা থেকে মুক্তি দেয়, শরীরে শক্তি ও অন্তরে প্রশান্তি আনে, আলস্য দূর করে, শক্তি-সামর্থ্য বৃদ্ধি করে, হূদয়কে প্রশস্ত করে, আত্মার খোরাক যোগায়, বরকত বয়ে আনে, শয়তানকে দূরে রাখে এবং আল্লাহর নৈকট্য দান করে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন ফরজ নামাজের সময় হয়, তখন যে ব্যক্তি উত্তমরূপে অজু করে এবং খুশু-খুজুর সঙ্গে নামাজ আদায় করে, তার পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করা হয়, যদি না সে কবিরা গুনাহ করে। এটা সকল সময়ের জন্য প্রযোজ্য।’ (সহিহ মুসলিম, হাদিস : ২২৮)

অন্য হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি দুই রাকাত নামাজ আদায় করে এবং তার মনে কোনো কিছুর উদয় হয় না (অন্যমনস্ক হলো না) তার পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করা হয়।’ (সহিহ মুসলিম, হাদিস : ২২৬)

একাগ্রতার নামাজ যেমন হয়


পূর্ববর্তী মনীষীদের নামাজ ছিল আল্লাহর স্মরণ, ভয়, বিনয় ও একাগ্রতায় পরিপূর্ণ। আবদুল্লাহ ইবনে জুবায়ের (রা.) যখন নামাজে দাঁড়াতেন তিনি আল্লাহর ভয়ে কাঠের স্তমের মতো স্থির হয়ে যেতেন। যখন তিনি সিজদা করতেন তাঁর পিঠের ওপর চড়ুই পাখি বসত। তারা তাকে দেয়ালে আটকানো কাঠ ছাড়া কিছুই ভাবত না।

মায়মুন বিন মিহরান (রহ.) বলেন, আমি মুসলিম বিন ইয়াসার (রহ.)-কে কখনো নামাজে অন্যমনস্ক হতে দেখিনি। একবার মসজিদের একপাশ ধসে গেল, এতে বাজারের লোকেরা আতংকিত হলো। তিনি তখন মসজিদে নামাজ আদায় করছিলেন এবং সে দিকে ফিরেও তাকালেন না।

অজু করার সময় আলী ইবনে হুসাইন (রহ.)-এর চেহারা ফ্যাকাশে হয়ে যেত। তাকে এর কারণ জিজ্ঞাসা করা হলো, অজুর সময় আমার এমন অবস্থা হয় কেন? তিনি বললেন, তোমরা কি জানো না আমি কার সামনে দাঁড়ানোর ইচ্ছা করেছি।

ইবনু আইয়ুব (রহ.) নামাজের মধ্যে তাঁর মুখের ওপর মাছি বসলেও তা তাড়াতেন না! তাঁকে জিজ্ঞাসা করা হলো, আপনি কীভাবে এমন অবস্থায় ধৈর্য ধারণ করেন? তিনি বললেন, ‘আমি শুনেছি, পাপাচারীরা চাবুকের আঘাতের নিচেও ধৈর্য ধরে থাকে, যাতে লোকেরা বলে অমুক ব্যক্তি অত্যন্ত ধৈর্যশীল। আর আমি তো নামাজে আমার প্রতিপালকের সামনে দাঁড়িয়ে থাকি। তাহলে আমার মুখের ওপর একটি মাছি বসলে আমি কি ধৈর্য ধরতে পারব না?’

নামাজের বিস্ময়কর প্রভাব ও তার কারণ

নামাজের প্রভাব বিস্ময়কর, যা দেহ ও হূদয়ের সুস্থতা এবং উভয়ের শক্তি-সামর্থ্য সংরক্ষণ করে। একই সঙ্গে দেহ ও হূদয় থেকে ক্ষতিকর উপাদান দূর করে। দুজন মানুষ যখন কোনো শারীরিক অক্ষমতা, রোগব্যাধি, বিপদ কিংবা দুর্যোগে আক্রান্ত হয়, তখন তাদের মধ্যে নামাজ আদায়কারী ব্যক্তির ওপর এর প্রভাব তুলনামূলকভাবে কম পড়ে এবং তার পরিণতি হয় অধিক নিরাপদ।

এর রহস্য হলো, নামাজ হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে বান্দার সংযোগের মাধ্যম। আল্লাহর সঙ্গে বান্দার এই সংযোগ যত গভীর হয়, তার সামনে কল্যাণের দ্বারগুলো তত বেশি উন্মুক্ত হয়, অকল্যাণের কারণগুলো তার থেকে তত বেশি দূরে সরে যায় এবং তার প্রতিপালকের পক্ষ থেকে তার প্রতি তাওফিক ও সত্পথে পরিচালনার উপকরণসমূহ বর্ষিত হতে থাকে।

সুস্থতা, নিরাপত্তা, কল্যাণলাভ, প্রাচুর্য, স্বাচ্ছন্দ্য, সুখ-শান্তি, আনন্দ ও পরিতৃপ্তি—সবকিছুই তখন তার কাছে উপস্থিত থাকে এবং দ্রুত তার দিকে ধাবিত হয়। আল্লাহ সবাইকে এমন নামাজ আদায়ের তাওফিক দিন, যা তার জন্য ইহকালে ও পরকালে মুক্তির উপায় হবে। আমিন।

মাওয়ায়িজুল আখিরাহ থেকে মো. আবদুল মজিদ মোল্লার ভাষান্তর





কমেন্ট বক্স