ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) মধ্যরাত ৩টার দিকে মহাসড়কের সানারপাড় এলাকার ইউটার্ন সংলগ্ন স্থানে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সানারপাড় এলাকায় ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাস পার্কিং করা ছিল। অজ্ঞাত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যান। ঘটনার সময় বাসটিতে কেউ ছিলেন না। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু কাওসার বলেন, “দুর্বৃত্তদের দেওয়া আগুনের খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে যাই। পরে কাচপুর মর্ডান ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হলে তারা দ্রুত এসে আগুন নেভান।”
বুধবার (১৭ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বলেন, “এই ঘটনায় কেউ লিখিত অভিযোগ আমাদের কাছে দেয়নি। ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। কে বা কারা বাসে আগুন দিয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।”