ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে নারীদের সাইবার নিরাপত্তা ক্যাম্পেইন অনুষ্ঠিত

সোহাগ হাওলাদার
১৪ ঘন্টা আগে
বাগেরহাটে নারীদের সাইবার নিরাপত্তা ক্যাম্পেইন অনুষ্ঠিত
সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার হয়রানি সম্পর্কে সচেতনতা বাড়াতে বাগেরহাটে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে বাগেরহাট সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে অ্যাক্টিভিস্তা বাগেরহাটের আয়োজনে, অ্যাকশনএইড বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার সহযোগিতায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ক্যাম্পেইনে আয়োজকরা জানান, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নারীরা নানা ধরনের হয়রানি, সাইবার বুলিং, ব্ল্যাকমেইল ও অনলাইন নির্যাতনের শিকার হচ্ছেন। এসব ঘটনার কারণে অনেক নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এমনকি কোনো কোনো ক্ষেত্রে আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনাও ঘটছে। সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে অনেক নারী অনলাইন হয়রানির শিকার হয়েও বিষয়টি পরিবার কিংবা অন্য কারও কাছে প্রকাশ করতে চান না।

আয়োজকরা আরও জানান, নারীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা, সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা তৈরি এবং হয়রানির শিকার হলে কোথায় ও কীভাবে সহায়তা পাওয়া যাবে, সে বিষয়ে ধারণা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে অ্যাক্টিভিস্তা বাগেরহাট ও সাইবার শিল্ড টিম বাগেরহাট যৌথভাবে এ ক্যাম্পেইন পরিচালনা করছে।

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের নিরাপদে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ব্যক্তিগত তথ্য ও ছবি সুরক্ষিত রাখা, অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইন যোগাযোগে সতর্কতা এবং সাইবার হয়রানির শিকার হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সচেতন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাইবার শিল্ডের সদস্য সুমিত ভট্টাচার্য, সীমা খাতুন, রাফি ইসলাম, রবিউল শেখ, নোভা ইসলাম, অহনা, মো. মাহফুজ, সাজ্জাদুল ইসলাম, রাকিবসহ অ্যাক্টিভিস্তা ও সাইবার শিল্ড টিমের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা বলেন, নিরাপদ সাইবার পরিবেশ গড়ে তুলতে তরুণ-তরুণী, বিশেষ করে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সাইবার হয়রানির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।





কমেন্ট বক্স