চলচ্চিত্রে নায়ক হওয়ার পেছনে অভিনয়দক্ষতার চেয়ে অর্থ ও রাজনৈতিক যোগাযোগের প্রভাব কতটা—এমন প্রশ্নই যেন সামনে আনলেন ঢালিউড অভিনেতা ওমর সানী। প্রযোজক থেকে নায়ক বনে যাওয়া এবং শিল্পী পরিচয় পেতে রাজনৈতিক দালালির আশ্রয় নেওয়া ব্যক্তিদের নিয়ে সামাজিক মাধ্যমে কড়া ভাষায় সমালোচনা করেছেন তিনি। তবে, কারো নাম উল্লেখ না করায় তার মন্তব্যের লক্ষ্য কে বা কারা, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।
সোমবার (১৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রযোজক থেকে নায়ক হওয়া ব্যক্তি এবং শিল্পী পরিচয় পেতে রাজনৈতিক দালালির আশ্রয় নেওয়া লোকজনকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন তিনি। তার দাবি, এসব পথে আসা ব্যক্তিদের কেউ সফল নন।
পোস্টে ওমর সানী লেখেন, “প্রযোজক থেকে যারা টাকার কারণে হিরো হয়েছেন, কেউ সাকসেস না। এবং যারা রাজনৈতিক দালাল হয়েছেন আর্টিস্ট হওয়ার জন্য, তারা ব্যর্থ কুকুরের মতো। ক্ষমতা পেলেই চেয়ারে বসতে হয়, গালাগালি করতে হয়—তাই দেখছি।”
শুধু নায়ক হওয়ার পেছনে অর্থের প্রভাব কিংবা রাজনৈতিক পরিচয়ের ব্যবহার নিয়েই থেমে থাকেননি এই অভিনেতা। ভাইরাল হওয়ার প্রবণতা এবং নিজেদের সুপারস্টার দাবি করা ব্যক্তিদের নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। একই পোস্টে ওমর সানী লেখেন, “শুধু ভাইরাল হওয়ার জন্য কেক কাটে, নিজেদের সুপারস্টার ভাবে? এক কথায় বলি, শুধু এফডিসি যাই ভালোবাসার জন্য।”
নিজের ব্যক্তিত্ব ও শিল্পীসত্তার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, “আমি শিল্পী বলেই নিজের পার্সোনালিটি বজায় রাখছি। আমার সঙ্গে বসলে তোর চলচ্চিত্রের সিভি নিয়ে আয়।”
ওমর সানীর এই মন্তব্যের পর চলচ্চিত্র অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে পোস্টে কারো নাম উল্লেখ না করায় নির্দিষ্ট কাউকে উদ্দেশ করে, নাকি চলচ্চিত্রের সামগ্রিক কিছু প্রবণতা নিয়ে তার এই ক্ষোভ—তা স্পষ্ট নয়। নাম না বলেও তার মন্তব্য যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে, সামাজিক মাধ্যমে সেই আলোচনা থেকেই তা বোঝা যাচ্ছে।