পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে মাসে ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
সংস্থাটির হিসাবে, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে ২০২৩ সালের ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির বর্তমান সমমূল্য দাঁড়ায় ১৬ হাজার ৩৫১ টাকা। তবে একটি চার সদস্যের পরিবারের দারিদ্র্যসীমার ওপরে থাকা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য একজন উপার্জনকারীর মাসিক মজুরি যথাক্রমে ১৮ হাজার ৫৭৮ ও ২৪ হাজার ২০৪ টাকা হওয়া প্রয়োজন।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব হিসাব তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। মূল প্রবন্ধে তিনি বলেন, মজুরি নির্ধারণে তিনটি পৃথক দৃষ্টিকোণ থেকে হিসাব করা হয়েছে। এর মধ্যে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয়, দারিদ্র্যসীমার ওপরে থাকা এবং ন্যূনতম মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয় বিবেচনা করা হয়েছে।
নাজনীন আহমেদ বলেন, ২০২৩ সালের ডিসেম্বর থেকে কার্যকর হওয়া ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরিতে তখন যে পরিমাণ পণ্য ও সেবা কেনা সম্ভব ছিল, একই ক্রয়ক্ষমতা ধরে রাখতে ২০২৬ সালের অক্টোবরে প্রয়োজন ১৬ হাজার ৩৫১ টাকা। এ হিসাব করতে ২০২৩ সালের নভেম্বরের শহরাঞ্চলের ভোক্তা মূল্যসূচক ১১৮ দশমিক ৭৬ এবং ২০২৬ সালের অক্টোবরের সূচক ১৫৫ দশমিক ৩৫ বিবেচনায় নেওয়া হয়েছে। এতে মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮ শতাংশ।
দ্বিতীয় হিসাবে দারিদ্র্যসীমার ওপরে একটি পরিবারকে রাখতে প্রয়োজনীয় মজুরি নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে বিবিএসের ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপে নির্ধারিত শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমা এবং পরবর্তী মূল্যস্ফীতি বিবেচনায় নেওয়া হয়েছে। সিপিডির হিসাবে, চার সদস্যের একটি পরিবারের বর্তমান উচ্চ দারিদ্র্যসীমা ২৯ হাজার ৩৫৩ টাকা। পরিবারে গড়ে ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী ধরে প্রত্যেকের মাসিক মজুরি প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা।
তৃতীয় হিসাবে একটি পরিবারের ন্যূনতম মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয় বিবেচনা করা হয়েছে। এতে খাদ্য, পোশাক, শিক্ষা, যাতায়াত, ব্যক্তিগত পরিচর্যা, যোগাযোগ, বাসস্থান এবং জরুরি প্রয়োজন ও সঞ্চয়ের খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। সিপিডির হিসাব অনুযায়ী, চার সদস্যের একটি পরিবারের মাসিক খাদ্য ব্যয় ১৪ হাজার ১৫৪ টাকা, অন্যান্য প্রয়োজনীয় ব্যয় ১২ হাজার ২৬৭ টাকা এবং বাসাভাড়া ১০ হাজার টাকা। জরুরি প্রয়োজন ও সঞ্চয়ের জন্য আরও ১ হাজার ৮২১ টাকা ধরে পরিবারের মোট মাসিক ব্যয় দাঁড়ায় ৩৮ হাজার ২৪৩ টাকা। ১ দশমিক ৫৮ জন উপার্জনকারীর হিসাবে প্রত্যেকের মাসিক মজুরি প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
নাজনীন আহমেদ বলেন, এসব হিসাবের জন্য সিপিডি নতুন কোনো জরিপ করেনি। বিদ্যমান গবেষণা, জরিপ ও তথ্য-উপাত্তের ভিত্তিতে পরিবারের আকার চারজন এবং উপার্জনকারীর সংখ্যা ১ দশমিক ৫৮ জন ধরা হয়েছে। বিভিন্ন গবেষণায় পরিবারের সদস্য ও উপার্জনকারীর সংখ্যায় ভিন্নতা রয়েছে। মজুরি বোর্ড পরিবারের আকার বা উপার্জনকারীর সংখ্যা ভিন্নভাবে বিবেচনা করলে হিসাবের পরিমাণও পরিবর্তিত হতে পারে।
তিনি বলেন, তিনটি হিসাবের মধ্যে মূল্যস্ফীতি সমন্বয়ের ১৬ হাজার ৩৫১ টাকা একটি ভিত্তি। তবে সিপিডির মূল আলোচনা হওয়া উচিত ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে। দীর্ঘমেয়াদে শ্রমিকদের জীবনযাত্রার মান, পুষ্টি ও মর্যাদা নিশ্চিত করতে জীবনধারণযোগ্য মজুরি বা লিভিং ওয়েজের দিকে যেতে হবে।
মজুরি বোর্ডের প্রতি আস্থার সংকট
শ্রমিকদের আন্দোলনে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নাজনীন আহমেদ বলেন, মজুরি বোর্ড গঠন হলেও শ্রমিকদের মধ্যে এ বোর্ডের সিদ্ধান্ত যথাসময়ে কার্যকর হবে কি না, তা নিয়ে আস্থার সংকট ছিল। একধরনের ‘ট্রাস্ট ডেফিসিট’ বা বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছিল। এ কারণে মজুরি নির্ধারণের প্রক্রিয়া ও সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়।
তিনি বলেন, বিভিন্ন গ্রেডে কীভাবে মজুরি নির্ধারণ করা হবে, সেই পদ্ধতিও আরও স্পষ্ট হওয়া প্রয়োজন। শুধু মজুরি বোর্ড গঠন করে মালিক ও শ্রমিকপক্ষকে আলোচনায় বসিয়ে মাঝামাঝি একটি সিদ্ধান্ত দেওয়াই সরকারের দায়িত্ব হতে পারে না। মজুরি নির্ধারণে সরকারেরও সক্রিয় দায়িত্ব রয়েছে।
স্থায়ী মজুরি কমিশন গঠনের সুপারিশ
মজুরি নির্ধারণে দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনেও সব খাতের জন্য জীবনধারণযোগ্য মজুরির ভিত্তিতে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি প্রতিবছর মূল্যস্ফীতির সঙ্গে মজুরি সমন্বয়, শ্রমিক-মালিক ও বিশেষজ্ঞদের সমন্বয়ে স্থায়ী জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠন এবং মজুরি নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
এ ছাড়া দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় তহবিল গঠন এবং নারী শ্রমিকদের জন্য ছয় মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটির সুপারিশও শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ তুলে নাজনীন আহমেদ বলেন, শ্রমিকদের পরিবারের সন্তানদের স্বাস্থ্য ও শিক্ষা, কর্মক্ষেত্রে মাতৃদুগ্ধ পান করানোর কক্ষ, ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড প্রতিষ্ঠা এবং কাঠামোগতভাবে ধাপে ধাপে মজুরি নির্ধারণের প্রতিশ্রুতি রয়েছে। সব খাতের মজুরি প্রতি দুই বছর পর পর পর্যালোচনা, শ্রমিকদের প্রকৃত মজুরি পরিশোধ হচ্ছে কি না তা পর্যবেক্ষণ এবং নারী-পুরুষের সমকাজে সমমজুরি নিশ্চিত করার বিষয়ও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।
সিপিডির নির্বাহী পরিচালক আরও বলেন, ভবিষ্যতে মজুরি নির্ধারণের আলোচনা শুরুর অন্তত ছয় মাস আগে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় সমীক্ষা, পর্যালোচনা ও গবেষণা সম্পন্ন করতে হবে। ২০০৬ সালের শ্রম আইনে মজুরি নির্ধারণের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনার কথা বলা হয়েছে, সেগুলোও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। বিকল্প হিসেবে একটি স্থায়ী মজুরি কমিশন গঠন করা যেতে পারে, যেখানে নির্দিষ্ট সূত্র বা পদ্ধতি অনুসরণ করে মজুরি নির্ধারণ করা হবে। এতে প্রতিবছর নতুন করে মজুরি নিয়ে অনিশ্চয়তা ও বিরোধ তৈরির প্রবণতা কমবে।
তিনি বলেন, মজুরি নির্ধারণ শুধু শ্রমিক ও মালিকের বিষয় নয়; এখানে সরকারের দায়িত্বও রয়েছে। শ্রমিকদের জন্য মানবিক, পুষ্টিকর ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদে জীবনধারণযোগ্য মজুরি প্রতিষ্ঠাই হওয়া উচিত নীতিনির্ধারণের লক্ষ্য।