বাগেরহাটে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য হাদিউজ্জামান হিরোর বাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায় তাঁর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। এ সময় তাঁরা ঘর থেকে বের হয়ে আসেন। পরে জানতে পারেন, কে বা কারা বিএনপি নেতা হাদিউজ্জামান হিরোর বাড়ির জানালার ওপর ককটেল নিক্ষেপ করেছে। তবে শব্দ শুনে বাইরে বের হলেও হামলাকারীদের কাউকে তাঁরা দেখতে পাননি।
এদিকে বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক যুবক জ্যাকেট পরা অবস্থায় বাড়ির দিকে একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত দৌড়ে পালিয়ে যাচ্ছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ এবং জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী মুন্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বলেন, “বিএনপি নেতা হাদিউজ্জামান হিরোর বাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।” এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।