ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলীকদমে বাসচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের

উপজেলা প্রতিনিধি
৮ ঘন্টা আগে
আলীকদমে বাসচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
বান্দরবানের আলীকদম-চকরিয়া সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিবাতলী এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাজু চক্রবর্তী নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কক্সবাজার জেলায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া থেকে আলীকদমগামী হানিফ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব ১৪-১০৯৮) সঙ্গে বিপরীত দিক থেকে আসা পুলিশ সদস্য সাজু চক্রবর্তীর মোটরসাইকেলের (চট্টগ্রাম মেট্রো-ল ১৫-৮৯৮৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাজু চক্রবর্তীর মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার (সহকারী) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইউপি সদস্য শফিউল আলম বাদশা ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আয়েশা আক্তার।

প্রায় এক ঘণ্টা পর আলীকদম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিচয় শনাক্ত করে। সহকর্মীর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। 
 
আলীকদম ট্রাফিক পুলিশের ইনচার্জ সুজিত জানান, দুর্ঘটনার পর বাসটি সড়কের ওপর রেখে চালক ও হেলপার পালিয়ে যান। পরে বাসটি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কর্মরত একজন পুলিশ সদস্য। তিনি দায়িত্ব পালনের (ডিউটি) কাজে বের হয়েছিলেন। পরে দুর্ঘটনার খবর জানতে পারি। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
 





কমেন্ট বক্স