গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের অফিস ভাঙচুর এবং অফিসের মালামাল বাইরে এনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় জাসাস নেতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী থানাপাড়া এলাকার আরাফ ক্লিনিকের সামনে স্লোগান দিয়ে তাঁর অফিসের আসবাবপত্র বের করে ভেঙে আগুন ধরিয়ে দেয়। এই ক্লিনিকের নিচতলায় এমপি ডা. কে এম বাবরের ব্যক্তিগত একটি অফিস ছিল। এ ঘটনার পর ওই ক্লিনিক থেকে রোগীরা অন্যত্র চলে যান।
এ ছাড়া কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাদাদুল হকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।